বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের
রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থা ও জোটগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে
বসেছেন বিএনপি নেতারা। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানের একটি
হোটেলে এ বৈঠক শুরু হয়। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি কূটনীতিকদের
অবহিতকরণ ও বিএনপির অবস্থান তুলের ধরার জন্য দলটির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত
রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস
চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান
ফারুক, সাবিহউদ্দিন আহমেদ, রিয়াজ রহমান ও এনাম আহমেদ চৌধুরী।

বৈঠকে
কূটনীতিকদের মধ্যে উপস্থিত রয়েছেন রাশিয়া, জার্মান, ফ্রান্স, ব্রিটেন,
নেদারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), তুরস্ক, নেপাল, ভুটান, সিঙ্গাপুর,
ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত; যুক্তরাষ্ট্র, ইতালি,
পাকিস্তান, কানাডা, ইউএনডিপি ও জাতিসংঘের প্রতিনিধিরা। দলীয় সূত্র
জানিয়েছে, দেশব্যাপী অপহরণ, গুম, খুন ও বিরোধী দলের নেতাকর্মীদের
গ্রেফতার-নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হবে। একইসঙ্গে
সাম্প্রতিক উপজেলা নির্বাচন ও গত ৫ জানুয়ারির সাধারণ নির্বাচন বিষয়েও
কূটনীতিকদের জানানো হবে। দলীয় সূত্রে আরও জানা যায়, সব নির্বাচনেই জালিয়াতি
ও কারচুপির চিত্র উপস্থাপন, বিশেষ করে ৫ জানুয়ারির সাধারণ নির্বাচন
অগ্রহণযোগ্য দাবি করে দ্রুত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন সর্বজনগ্রাহ্য
নির্বাচন দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণ করা
হবে।
No comments:
Post a Comment