আবেদন করার ৪ দিনের মাথায় সবুজ পাসপোর্ট
হাতে পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও
সাবেক আইজিপি আবদুল কাইয়ুম এবং খালেদা জিয়ার বিশেষ সহকারী মাহবুব আল আমীন
ডিউক সোমবার পাসপোর্ট অফিসে গিয়ে এ পাসপোর্ট গ্রহণ করেন।

বিএনপির
মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন প্রধানমন্ত্রী ও বিরোধী দল নেতার মর্যাদা পাওয়া খালেদা
জিয়া এত দিন লাল পাসপোর্ট ব্যবহার করে আসছিলেন। কিন্তু ৫ই জানুয়ারির
নির্বাচনে অংশ না নেয়ায় বিরোধী দল নেতার মর্যাদা হারান তিনি। এতে বাতিল হয়
তার লাল পাসপোর্ট। এ পরিস্থিতিতে তার জন্য প্রয়োজন হয় সবুজ পাসপোর্টের। এ
সবুজ পাসপোর্টের আবেদন করতেই গত বৃহস্পতিবার হাজার হাজার নেতাকর্মীর
উপস্থিতিতে আগারগাঁও পাসপোর্ট অফিসে হাজিরা দেন খালেদা। তবে খালেদা জিয়াকে
সাধারণ নাগরিকের মতো লাইনে দাঁড়াতে হয়নি। এক্সপ্রেস বা জরুরি পাসপোর্টের
আবেদন করেছিলেন খালেদা জিয়া। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে
দেশের অন্যতম বড় দলের প্রধান হয়েও খালেদা জিয়াকে এখন থেকে সবুজ পাসপোর্ট
ব্যবহার করতে হবে। এদিকে বিএনপি চেয়ারপারসনের সবুজ পাসপোর্টের জন্য আবেদন
প্রসঙ্গে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মহানগর বিএনপির এক প্রতিবাদ সভায় দলের
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া ১৯৯১ সাল
থেকে প্রায় ২৩ বছর কখনও প্রধানমন্ত্রী এবং কখনও বিরোধীদলীয় নেতা হিসেবে লাল
পাসপোর্ট ব্যবহার করে আসছিলেন। সরকার পরিকল্পিতভাবে নির্বাচন থেকে তাকে
দূরে রেখে পাসপোর্ট অফিসে গিয়ে সাধারণ মানুষের মতো পাসপোর্টের জন্য আবেদন
করতে বাধ্য করেছেন।
No comments:
Post a Comment