Sunday, May 18, 2014

মনমোহনের ‘বিদায়’ সম্ভাষণ, মোদি সরকারের সাফল্য কামনা

শেষবারের মতো জাতির উদ্দেশে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দেশের প্রতি তার ঋণ স্বীকার করলেন। জাতির প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি। হিন্দি ও ইংরেজিতে তিনি সংক্ষিপ্ত এক বক্তব্য রাখেন। বিদায় সম্ভাষণের সময় তিনি বলেন, ‘দেশ ভাগের সময় সুবিধাবঞ্চিত এক শিশু’ ছিলেন তিনি। ভারতের জনগণই তাকে প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসিয়েছেন। মৃদুভাষী মনমোহন সিং আসন্ন সরকারের সাফল্য কামনা করেছেন। 
এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচন সম্পর্কে তিনি বলেছেন, এ নির্বাচন ‘আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ভিতকে আরও মজবুত করেছে’ এবং জনগণের এই রায়কে সবার শ্রদ্ধা করা উচিত। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কয়েক ঘণ্টা পূর্বে এ ভাষণে ভারতের ভবিষ্যতের ব্যাপারে তিনি ‘আস্থাশীল’ বলে মন্তব্য করেন। বিদায়ী প্রধানমন্ত্রী বলেন, প্রথাগত ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেল ও বহুমুখিতার সঙ্গে ঐক্যের মাধ্যমে আমাদের এ জাতি বিশ্বকে আগামীর পথ প্রদর্শন করতে পারে। এ জাতির জন্য দায়িত্ব পালন করা আমার পরম সৌভাগ্য। এর চেয়ে বেশি কিছু আমি চাইতে পারতাম না। তিনি বলেন, যেমনটি বহুবার আমি বলেছি আমার জীবন ও প্রধানমন্ত্রী হিসেবে আমার মেয়াদকাল খোলা বই। আমাদের মহান জাতির জন্য দায়িত্ব পালনে আমি বরাবরই আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। তিনি বলেন, গত ১০ বছরে ইউনাইটেড প্রোগ্রেসিভ জোটের শাসনামলে দেশ বহু সাফল্য ও অর্জন দেখেছে, যা নিয়ে আমাদের গর্ব করা উচিত। এক দশক আগের চেয়ে ভারত এখন প্রতিটি ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী রাষ্ট্র। এ সাফল্যসমূহের স্বীকৃতি আমি আপনাদের দিচ্ছি। তবে আমাদের দেশে এখনও বিপুল সুপ্ত উন্নয়নের সম্ভাবনা নিহিত এবং সেটা উপলব্ধির জন্য আমাদের সবাইকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে।

No comments:

Post a Comment