Tuesday, May 13, 2014

ইতালিতে বোটডুবি, ১৪ জনের প্রাণহানি, নিখোঁজ ২০০

ইতালির কাছে একটি বোটডুবির ঘটনায় কমপক্ষে ১৪ যাত্রী প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ২ শতাধিক যাত্রী। এ পর্যন্ত ২১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বোটটিতে মোট ৪০০ অভিবাসী ছিলেন। ইতালির সর্বদক্ষিণের ল্যামপেডুসা দ্বীপের ১৮৫ কিলোমিটার দক্ষিণে বোটটি ডুবে যায়।
উত্তর আফ্রিকার অধিবাসীরা বোটে ইতালি যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার কারণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ল্যামপেডুসা সমুদ্র বন্দরের এক ক্যাপ্টেন গিউসেপ্পে ক্যানালি বলেন, আমরা এখনও ঠিকভাবে জানি না বোটটিতে ঠিক কতোজন আরোহী ছিলেন। তবে জীবিতরা বলছেন, বোটে শ’ শ’ আরোহী ছিলেন। তিনি বলেন, আমরা দুর্ঘটনাস্থলে রয়েছি এবং অক্লান্তভাবে উদ্ধারকাজ চালাচ্ছি। গত সপ্তাহে ১ হাজার শরণার্থী ইতালির স্বায়ত্তশাসিত দ্বীপ সিসিলিতে পৌঁছায়। এ বছরের প্রথম কয়েক মাসে এ পর্যন্ত ভূমধ্যসাগরের সর্ববৃহৎ দ্বীপটিতে ২৫ হাজারেরও বেশি অভিবাসী বসতি স্থাপন করেছেন। তাদের অধিকাংশই সাব-সাহারান আফ্রিকার অধিবাসী।

No comments:

Post a Comment