Wednesday, May 21, 2014

‘রেমিটেন্সের ৬৬ শতাংশ ব্যয় অনুৎপাদনশীল খাতে’

বুধবার সিলেট নগরীর একটি হোটেলে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত ‘ইনভেষ্টমেন্ট অপরচুনিটিস ইন সিলেট রিজিওন’শীর্ষক সেমিনারে বক্তারা এ তথ্য দেন। 
সেমিনারে আরো বলা হয়, সিলেট অঞ্চলের প্রায় ২৫ লাখ প্রবাসী বসবাস করছেন ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে। প্রতি বছর তারা  দেশে প্রায় ১৪শ কোটি ডলার রেমিটেন্স পাঠান। বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ ও সুযোগ না থাকায় প্রবাসীরা দেশে বাণিজ্যিক খাতে বিনিয়োগ করতে পারছেন না বলেও সেমিনারের বক্তারা দাবি করেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট অঞ্চলকে একটি আধুনিক শিল্পনগরী হিসেবে তোলা হবে বলে জানিয়েছেন। ২০১৫ সালের মধ্যেই সিলেটের শেরপুরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের কাজ শুরু হবে বলে জানান তিনি। মুহিত বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথর কোয়ারী এলাকাকে পাথর শিল্পাঞ্চল হিসেবে ঘোষণা, খাদিমনগর বিসিক শিল্প নগরীকে উন্নত ও বর্ধিতকরণের ব্যবস্থা, শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র প্রতিষ্ঠা ও পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে বর্তমান সরকার। বাংলাদেশে ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন মূল প্রবন্ধে সিলেট অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাময় খাত ও কিছু প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন। তিনি তার প্রবন্ধে সিলেটের পর্যটন শিল্পের প্রসার, আখাউড়া-সিলেট সেকশনে ট্রেনের ডাবল ট্র্যাক নির্মাণের কাজ শুরু করা, বিশেষায়িত পর্যটন পুলিশ গঠন, দেশের স্কুল কলেজে পর্যটন গাইড তৈরির জন্য বিশেষ কোর্স, সিলেটের ক্যাটারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা, শায়েস্তাগঞ্জে একটি কন্টেইনার পার্ক স্থাপন, চা বোর্ডের হেড অফিস শ্রীমঙ্গলে স্থানান্তর,  চা নিলাম কেন্দ্র স্থাপন, হাওরের সম্পদ সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন। সেমিনারে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, সিলেটের শেরপুরে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। সড়ক, রেল ও বিমান যোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস ও পানির প্রাপ্যতাসহ উন্নত অবকাঠামোগত সুবিধার কারণে এ অঞ্চলে সহজেই প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করা সম্ভব। এটি বাস্তবায়িত হলে প্রায় ৪০ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা যাচ্ছে। সিলেটে বিসিকের ৫টি শিল্পনগরীকে পূর্ণাঙ্গ ব্যবহারে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান এফবিসিসিআই সভাপতি। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, পরিচালক সালেহ্ উদ্দিন আলী আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রমুখ।

No comments:

Post a Comment