Wednesday, May 7, 2014

বিডিআর হত্যা মামলায় ৬৯ জনের খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল

বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যা মামলায় বিচারিক আদালত থেকে খালাসপ্রাপ্ত ৬৯ আসামির রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন রাষ্ট্রপক্ষ। আপিলে তাদের খালাসের আদেশ বাতিল করে সাজা দেওয়ার আরজি জানানো হয়েছে। বুধবার এ আপিল করা হয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। তিনি জানান, গত বছরের ৫ নম্বর বিচারিক আদালত বিডিআর হত্যা মামলায় বিচারিক আদালত ২৭১ জনকে খালাস দেন। 
তাদের মধ্যে খালাসপ্রাপ্ত ৬৯ জনের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে আপিল আবেদনটি উত্থাপন করা হবে বলেও জানান তিনি। পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান দেশের ইতিহাসের সবচেয়ে স্মরণীয়, কলঙ্কজনক এবং সর্ববৃহৎ পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) হত্যা মামলার রায় ঘোষণা করেন গত বছরের ৫ নভেম্বর। রায়ে ১৫২ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া ৪২৩ জনের কারাদণ্ডাদেশ হয়েছে। তাদের মধ্যে ২ জন আসামিকে যাবজ্জীবন, ১৫৮ জনকে যাবজ্জীবনসহ ৪০ বছর কারাদণ্ড ও ২৬৩ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। মোট ৮৫০ জন আসামির মধ্যে খালাস পান ২৭১ জন। আর ৪ জন বিচার চলাকালে মারা যাওয়ায় মামলার দায় থেকে অব্যাহতি পান। রায়ে ১৫৮ জন আসামিকে ৩০২ ধারায় হত্যার দায়ে যাবজ্জীবন (৩০ বছর) কারাদণ্ডের সঙ্গে প্রত্যেককে ৩৮২ ধারায় অস্ত্র লুণ্ঠনের দায়ে আরও ১০ বছর করে দণ্ড দেওয়ায় তারা সাজা খাটবেন মোট ৪০ বছর করে। এ ১৬০ জনকেই তাদেরকে ৫ লাখ টাকা করে জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের সাজা প্রদান করা হয়। ২৬৩ জন আসামিকে সর্বনিম্ন ৩ বছর থেকে ১৭ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের হাজতবাসকালীন সময় তার বিরুদ্ধে প্রদত্ত দণ্ড থেকে বাদ যাবে।

No comments:

Post a Comment