Wednesday, May 7, 2014

পেশা নির্বাচনে ভূমিকা রাখবে শিশু সংসদ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পেশা নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখবে শিশু সংসদ। বুধবার সকালে জাতীয়  সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে ২দিনব্যাপী বাংলাদেশ শিশু সংসদ অধিবেশন-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, কিভাবে জাতীয় সংসদ পরিচালিত হয়, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, অন্যান্য মন্ত্রী ও এমপিদের ভূমিকা কি, কার কি দায়িত্ব শিশুরা এসব বিষয়ে খুটিনাটি শিশু সংসদের মধ্য দিয়ে জানতে পারবে। এতে ভবিষ্যতে তারা যখন পেশা নির্বাচন করতে যাবে তখন এই প্রক্রিয়া সহায়ক ভূমিকার রাখবে। তিনি আরও বলেন, শিশু সংসদ সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে রোল মডেল হিসেবে কাজ করবে । তাই এই শিশু সংসদ শুধুমাত্র ঢাকাতেই সীমাবদ্ধ না রেখে বিভাগীয় পর্যায়ে করার আহ্বান জানাই। যাতে করে আরো বেশি সংখ্যক শিশু সংসদ পরিচালনা সম্পর্কে ধারণা পেতে পারে। শুধুমাত্র একটি অধিবেশনই নয়, কিভাবে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা যায় এসব বিষয় শিশুদের মধ্যে জাগ্রত করতে হবে। তিনি শিশুদের সংসদের কার্যবিধি ভালো করে আত্মস্থ করার আহ্বান জানান। এ সময় দেশ ও দেশের সঠিক ইতিহাস জানার জন্যও শিশুদের প্রতি আহ্বান জানান স্পিকার।
 ড. শিরীন শারমিন বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসার রেওয়াজ প্রথম চালু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৬ সালে যখন প্রথমবারের মতো সংসদ নেতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তখন থেকেই সংসদ অধিবেশন চলাকালে  বুধবার প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট নির্ধারিত করা হয়। তিনি বলেন,  প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সময়ে বিরোধী দলের সংসদ সদস্যরাও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে নিজেদের প্রশ্নোত্তর পেতে পারেন। অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, সংসদীয় গণতন্ত্র চালু রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেন আর কোনো দিন স্বৈরাচার শাসকেরা ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুইদিনব্যাপী এ শিশু সংসদ অধিবেশনে সারাদেশ থেকে  ১৫০ জন শিশু সংসদ সদস্য উপস্থিত রয়েছেন। জাতীয় সংসদের কার্যবিধি মেনেই যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিভাবে একটি সংসদ  পরিচালিত হয় তার সবকিছুই শিশু সংসদে বিদ্যমান রয়েছে। ইমপ্রুভিং ডেমোক্রেসি থ্রু পার্লামেন্টারি ডেভেলপমেন্ট(আইপিডি) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব আশরাফুল মকবুল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, নেদারল্যান্ডস দূতাবাস, বাংলাদেশ এর রাজনৈতিক এবং অর্থনৈতিক ফার্স্ট সেক্রেটারি হেনরিক ভ্যান অ্যাশ ভ্যান ভিজক, ইউএনডিপি’র জাতিসংঘ ও বাংলাদেশ আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন আইপিপি প্রকল্প পরিচালক জাতীয় সংসদের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী। ২০০৩ সালে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় প্রথম এ ফোরাম গঠন করা হয়। পরে ২০১২ সালে সরকারি উদ্যোগে যুক্ত হয় শিশু সংসদ। শিশুদের এই সংসদ ছাড়াও রয়েছে মন্ত্রিপরিষদও।

No comments:

Post a Comment