Thursday, May 8, 2014

নূর হোসেন কোথায়, জানে না সরকার

নূর হোসেন কোথায়, সরকার তা জানে না। তবে যেখানেই থাক, তাকে গ্রেফতার করা হবে। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও হত্যার পর মামলার প্রধান আসামি নুর হোসেন পালিয়ে যান। গত ২৭ এপ্রিল নজরুল ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে প্রকাশ্যে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল দুপুরের পর থেকে শীতলক্ষ্যা নদী থেকে অপহৃত ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১ মে সকালে বাকি একজনের মরদেহ একই নদী থেকে উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় অবসরে পাঠানো তিন সেনা কর্মকর্তা যেন পালিয়ে যেতে না পারেন, সে কারণে সতর্কতা জারি করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মঙ্গলবার র্যাব -১১ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, একই ব্যাটালিয়নের মেজর আরিফ হোসেন এবং নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে অবসরে পাঠানো হয়। বুধবার অবসরে যাওয়া তিন কর্মকর্তার বিষয়ে বুধবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, উপযুক্ত অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওইদিন তিনি আরও বলেন, র‌্যাবের আরো কেউ যদি জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।  সরকার এ বিষয়ে কঠোর। তিনি জানান, অভিযোগের তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় অভিযুক্তদের তালিকা প্রকাশ করা হবে।

No comments:

Post a Comment