Thursday, May 8, 2014

খুন, গুম অপহরণে মূল কারণ রাজনীতির দুর্বৃত্তায়ন

কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, দেশে খুন, হত্যা, গুম ও অপহরণ বেড়ে যাওয়ার মূল কারণ হলো রাজনীতির দুর্বৃত্তায়ন। রাজনীতির প্রশ্রয় ছাড়া এ ধরনের ঘটনা ঘটাতে কেউ সাহস পাবে না। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘গুম ও অপহরণ: নাগরিক উদ্বেগ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনী প্রসঙ্গে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সব সদস্যের বিরুদ্ধেই যে এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে তা নয়। অধিকাংশ সদস্যই ভালো কাজ করছেন।
এ কারণে যারা এসব দায়িত্ব পালন করতে গিয়ে আইন ভাঙ্গছে তাদের কঠোর শাস্তি দিতে হবে। নারায়গঞ্জের ঘটনা অন্য ঘটনার চেয়ে আলাদা তাই সরকারের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, এ ঘটনা যদি অন্য ঘটনার সঙ্গে মেলাতে চান তাহলে ওই সমস্যার সমাধান হবে না। অপরাধী কার ছেলে কিংবা কার জামাই সেটা বিবেচ্য নয়। এটি একটি দৃষ্টান্ত মনে করে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বের করতে হবে। তিনি আরও বলেন, যদি বের করা যায় তাহলে সরকারের সদিচ্ছা রয়েছে এটাও প্রমাণ হবে। না হলে মানুষ মনে করবে সরকারে ইচ্ছার অভাব রয়েছে। জনগণ বর্তমান সরকারকে অকার্যকর মনে করবে। সুশীল সমাজের ভূমিকায় হতাশ হাফিজ উদ্দিন খান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান তার বক্তৃতায় বলেন, দেশে এখন জাতীয় সংকট চলছে। এ সংকট মোকাবেলায় সুশীল সমাজকেই বিরোধী দলের ভূমিকা পালন করতে হয়। কিন্তু আমাদের সুশীল সমাজের ভূমিকা পর্যাপ্ত নয়। তিনি বলেন, গুম-খুন, অপহরণের প্রতিবাদে আমরা জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি মানববন্ধনের ডাক দিয়েছিলাম। কিন্তু সেখানে অনেকেই উপস্থিত হননি। এটা প্রমাণ করে, আমরা ঐক্যবদ্ধ নই। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারি সংস্থা ব্যর্থ আইন-শৃঙ্খলার অবনতির জন্য জবাবদিহিতার ব্যবস্থা না থাকাকে‌ দায়ী করে তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান বলেন, আমরা দীর্ঘদিন ধরেই  গুম, খুন অপহরণকে অবজ্ঞা করে আসছি। আর এ কারণে এগুলো বন্ধ না হয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে। তিনি আরও বলেন, যে সমাজে আইনের শাসন নেই, সে সমাজে সমস্যার সমাধানও নেই। আইনের শাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো আইনের প্রতি জনগণের শ্রদ্ধাশীল হওয়া। আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আস্থাশীল হওয়া। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলো ব্যর্থ হয়েছে। ২০১০ সাল থেকে অপহৃত ২৮২ জন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। একটি জাতীয় দৈনিকের প্রকাশিত সংবাদকে উদ্ধৃত করে তিনি বলেন, গত ২০১০ সাল থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত অপহরণ হয়েছে ২৮২ জন। এর মধ্যে ২০১০ সালে ৪৬ জন, ২০১১ সালে ৫৯ জন, ২০১২ সালে ৫৬ জন, ২০১৩ সালে ৬৮ জন এবং ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত ৫৩ জনকে অপহরণ করা হয়েছে। সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রমুখ।

No comments:

Post a Comment