Tuesday, May 13, 2014

যশোর শহর শিবিরের সভাপতিকে অপহরণের অভিযোগ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম মঙ্গলবার সকাল থেকে মোটরসাইকেলসহ নিখোঁজ রয়েছেন। 
জাহিদের স্বজনদের দাবি তাকে অপহরণ করা হয়েছে। তবে কারা, কিভাবে ও কেন জাহিদকে অপহরণ করেছে সে সম্পর্কে কোন পক্ষই পরিস্কার করে কিছু বলতে পারছেন না। জাহিদ নিখোঁজের খবরটি জামায়াত নেতারা  নিশ্চিত করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ফজরের নামাজের প্রায় দুইঘন্টা পরে জাহিদুল ইসলাম সাংগঠনিক কাজে মোটরসাইকেল নিয়ে শহরের পালবাড়ির মোড়ের বাসা থেকে বাইরে বেরিয়েছিলেন। শহরতলীর চূড়ামনকাটি এলাকায় পৌঁছানোর পর কে বা কারা জাহিদুলকে মোটর সাইকেলসহ তুলে নিয়ে যায়। তার পর থেকে তার কোন সন্ধান মিলছে না। ধারণা করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জাহিদকে তুলে নিয়ে গেছে।
যশোর জেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার নূরুন্নবী বলেন, জাহিদুলকে ডিবি আটক করেছে বলে আমরা মোটামুটি নিশ্চিত। এ ব্যাপারে কোতোয়ালি থানায় জিডি করা হবে। এ বিষয়ে যোগাযোগ করা হলে যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

No comments:

Post a Comment