Sunday, May 4, 2014

গাজীপুরে মানবাধিকার কর্মীকে মারধর মামলায় আটক ২

গাজীপুরে মানবাধিকার কর্মীকে মারধর করে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে জাহাঙ্গীর হোসেন (৩০) ও নীরব মিয়াকে (৩৬) আটক করে জয়দেবপুর থানা পুলিশ। এর আগে বেলা ৩টার দিকে এ ঘটনায় মামলা দায়ের করেন বদিউজ্জামানের স্ত্রী জেনিয়া সুলতানা। এজাহার থেকে জানা যায়, গাজীপুর মহানগরের শিমুলতলী এলাকায় ৩০ এপ্রিল বিকেল ৩টার দিকে রাস্তার পাশে কতিপয় দুর্বৃত্ত, সিকিউরিটি প্রিন্টিং প্রেসের কর্মচারী বদিউজ্জামান বাদলকে (৩৮) পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। 
এ সময় বদিউজ্জামানকে বাঁচাতে ভাগ্নে মানবাধিকার কর্মী এমদাদ হোসেন (৩৬) এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও আক্রমন করে। এজাহারে আরো উল্লেখ করা হয়, দুর্বৃত্তরা দুইজনকে রক্তাক্ত জখম করে বাদলের সঙ্গে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। মামলার বাদী ও আহত বদিউজ্জামানের স্ত্রী জেনিয়া সুলতানা জানান, আসামিরা কয়েকদিন আগে তার স্বামীকে অপহরণ করে। দুইদিন পর তাদের সঙ্গে লিঁয়াজো করে স্বামীকে ফিরিয়ে আনা হয়। মামলা মোকাদ্দমার ঝামেলা থেকে রেহাই পেতে অপহরণের ঘটনা পুলিশকে জানানো হয়নি। ঘরে ফেরার পর পুনরায় আক্রমন করায় এবার মামলা করা হয়েছে। বিকেলে গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন পিপিএম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জয়দেবপুর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, মামলা হয়েছে। দুই আসামি গ্রেফতার হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

No comments:

Post a Comment