Tuesday, May 13, 2014

নরসিংদীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

নরসিংদীতে জসিম মিয়া (১৬) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার শহরতলির ঘোড়াদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জসিম সদর উপজেলার ঘোড়াদিয়া গ্রামের হোসেন মিয়ার ছেলে ও স্থানীয় কারিগরি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনার পর তার স্বজনেরা আয়েছ আলী নামের এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করেন। 
তাঁরা বলছেন, আয়েছ আলী ওই ঘটনায় জড়িত।  পুলিশ ও জসিমের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে জসিমের কয়েকজন বন্ধু বাসা থেকে তাকে ডেকে নিয়ে যায়। পরে তারা বাসার কাছে হঠাত্ জসিমের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ওই সময় জসিমের চিত্কারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ হত্যার প্রতিবাদে নিহতের স্বজন ও বন্ধুরা সন্দেহভাজন কথিত মাদক ব্যবসায়ী আয়েছ আলীর  বাড়িতে অগ্নিসংযোগ করে। ওই সময় হাসিম মিয়া ও ওয়াইজ্জা মিয়ার আরও চারটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিহতের চাচা হাসেন মিয়া বলেন, ‘স্থানীয় রফিকুল, বরকত, সুমন, শরীফ, আয়েছ আলী বখাটে ও মাদক ব্যবসায়ী। তারাই আমার ভাতিজারে বাড়ি থেইকা ডাইকা নিয়ে মাইরা ফালাইছে।’ নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার দত্ত সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথম আলোকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

No comments:

Post a Comment