Sunday, November 2, 2014

সমবায়ের মাধ্যমে ধনী-গরিবের বৈষম্য দূর করতে হবে -প্রধানমন্ত্রী

৪৩তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ধনী-গরিবের বৈষম্য দূর করতে হলে গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। গ্রামে অর্থের সঞ্চালন বাড়াতে হবে, কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। গ্রামের উৎপাদিত পণ্য বাজারজাতের ব্যবস্থা করতে হবে। এটা একমাত্র করতে পারে সমবায়। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, নদীভাঙনে অনেক মানুষ গৃহহারা হয়ে যায়। তারাও মানুষ। একদিকে আমরা দেখবো বিশাল বিশাল অট্টালিকা। বিদেশ থেকে আনা ফার্নিচার আর ঝাড়বাতি, বিলাসবহুল জীবনযাপন। অন্যদিকে আমার দেশের মানুষ একটু মাথা গোঁজার ঠাঁই পাবে না। তাদের রাস্তার পাড়ে বসে থাকতে হবে। রেললাইনের পাশে বস্তিতে থাকতে হবে। তাদের মানবেতর জীবনযাপন করতে হবে কেন? এ বৈষম্য দূর করতে হবে। অনুষ্ঠানে ১০টি ক্যাটিগরিতে ২০১২ সালের জাতীয় সমবায় পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের ৬৪টি জেলার ৬৬টি উপজেলায় ‘সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি’ প্রকল্পের আওতায় ৪,২৭৫টি গ্রামে গ্রাম সমবায় সমিতি গঠন করা হয়েছে। প্রতিটি উপজেলাকে এ কর্মসূচির আওতায় আনা হবে। পারিবারিকভাবেও সমবায়ের মাধ্যমে পণ্য উৎপাদনের পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, এতে সম্পদ নিয়ে বিভেদ কমে যাবে। ঝগড়াঝাঁটি কমে যাবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এবং সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. মফিজুল ইসলাম বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment