Friday, August 7, 2015

হিরোশিমার ভয়াবহতা তুলে ধরলেন কেরি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, জাপানের হিরোশিমায় ফেলা যুক্তরাষ্ট্রের আণবিক বোমার ভয়াবহ ক্ষতি বুঝিয়ে দেয় ইরানের পারমাণবিক চুক্তির গুরুত্ব কত বেশি। আজ বৃহস্পতিবার হিরোশিমায় আণবিক বোমা বিস্ফোরণের ৭০তম বার্ষিকীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন কথা বলেন।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে কূটনীতিকদের আঞ্চলিক এক সম্মেলনে জন কেরি বলেন, ‘এ কথা বলার অপেক্ষা রাখে না যে এটি (হিরোশিমায় হামলা) শুধু মানুষের ও দেশের ওপর যুদ্ধের প্রভাবের কথাই মনে করিয়ে দেয় না, বরং আরও পারমাণবিক অস্ত্রের ব্যবহারের সম্ভাবনা কমাতে ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজনীয়তার গুরুত্বও তুলে ধরে।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ, বিশেষ করে রাশিয়া বিদ্যমান পারমাণবিক অস্ত্র কমাতে কাজ করে যাচ্ছে।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, সম্প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী ছয়টি দেশের একটি চুক্তি হয়। ওই চুক্তির ফলে পারমাণবিক কর্মসূচি খর্ব করার শর্তে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। তবে চুক্তিটি নিয়ে মার্কিন কংগ্রেসের অনেকের বিরোধিতা রয়েছে।
আণবিক বোমার ক্ষতচিহ্ন নিয়ে যারা বেঁচে আছেন, তাঁদের প্রতি সমবেদনা জানান জন কেরি। যুদ্ধের ধ্বংসাবশেষ থেকে ওঠে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের চলমান শক্তিশালী সম্পর্কের প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
জাপানের হিরোশিমায় জড়ো হওয়া হাজার হাজার মানুষ স্থানীয় সময় সকাল সোয়া আটটায় নীরবতা পালন করে। ৭০ বছর আগে ওই সময়ে হিরোশিমায় ফেলা আণবিক বোমায় এক লাখ ৪০ হাজার মানুষ প্রাণ হারায়।
জাপানের হিরোশিমায় আণবিক বোমা হামলার ৭০তম বার্ষিকী আজ। ভয়াবহ ওই হামলায় নিহতদের স্মরণে তৈরি হয়েছে পিস মেমোরিয়াল পার্ক। তারই সামনে কাঁদছেন এক বৃদ্ধা। ছবি: রয়টার্স

No comments:

Post a Comment