Sunday, August 16, 2015

এ রকম কিছু যেন আর না ঘটে: আশরাফ

১৫ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, এ জন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘১৫ আগস্ট ইতিহাসের কালো দিন, কলঙ্কের দিন। বাংলাদেশে যেন এ রকম কিছু আর না ঘটে। জনগণকে সতর্ক থাকতে হবে।’
আজ শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ আশরাফ।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা পৃথিবীর যেখানেই থাকুক, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। রায় কার্যকর করা হবে। এ নিয়ে আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রচেষ্টা অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত একজন খুনিরও বিচারের রায় কার্যকর বাকি থাকবে, যত দিন বাংলাদেশ থাকবে, ততক্ষণ পর্যন্ত সে চেষ্টা অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘দেশ উন্নতির দিকে যাচ্ছে। যাবে। এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। দল-মত মিলেমিশে কাজে নামতে হবে। এই শোকাবহ দিনে বঙ্গবন্ধুসহ যাঁরা নিহত হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।’
এর আগে গত ১১ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর সড়কে স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভায় সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘এই ১৫ আগস্টের ঘটনা সম্পূর্ণ ভিন্ন। এই কারণেই আমি মাঝে মাঝে আতঙ্কিত হই। শেখ হাসিনা এখন বাংলাদেশ ও আওয়ামী লীগের হাল ধরেছেন। বহু শক্তি আছে শেখ হাসিনার মঙ্গল হোক, সেটা কামনা করেন না। আমি একটাই অনুরোধ রাখব—আসুন আরেকটু সতর্ক হই।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার জন্য একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। সেই পরিবেশ সৃষ্টি হয়েছিল বলেই তাঁকে হত্যার সুযোগ হয়।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত হন, দল ক্ষতিগ্রস্ত হয়, নেতা-কর্মীরা যেন এমন পরিবেশ সৃষ্টি না করেন।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘ক্ষমতার স্বাদ ভবিষ্যতেও পাবেন। কিন্তু এই যে খাই খাই করা, দলকে খাটো করা, প্রধানমন্ত্রীকে খাটো করা, নিজেকে খাটো করা—এই অভ্যাসগুলো ছাড়তে হবে।’
প্রধানমন্ত্রী সকাল সাড়ে সাতটার দিকে বনানী কবরস্থানে গিয়ে ১৫ আগস্টের অন্যান্য শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এখানে তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন এবং প্রতিটি কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

No comments:

Post a Comment