Saturday, August 15, 2015

কংগ্রেসের কঠোর সমালোচনা মোদির

কংগ্রেসের কৌশল ক্ষমতার ওপর তাদের নির্ভরতাকেই ফুটিয়ে তুলেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ক্ষমতা ছাড়া তারা কিছু করতে পারে না। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনে জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) সাংসদদের এক বৈঠকে এ মন্তব্য করেন মোদি। পার্লামেন্টে কার্যাবলী অচল করে তোলার ব্যাপারে কংগ্রেসের কঠোর সমালোচনা করেন তিনি। মোদি বলেন, পার্লামেন্টে গুরুত্বপূর্ণ কিছু বিল আটকে আছে, কারণ কংগ্রেস ক্ষমতা ছাড়া কিছু করতে পারে না। তিনি বলেন, কংগ্রেসের এই আচরণ জরুরি অবস্থার সময় তাঁদের ভূমিকা মনে করিয়ে দিচ্ছে।
একটিও গুরুত্বপূর্ণ বিল পাস না করে গতকাল বৃহস্পতিবার অচলাবস্থার মধ্যে শেষ হয়েছে ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন। অচলাবস্থার জন্য প্রধান বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেস পরস্পরকে দোষারোপ করে যাচ্ছে।
মোদি কংগ্রেসের কড়া সমালোচনা করে বলেন, তাদের আলোচ্যসূচি হলো গান্ধী পরিবারকে রক্ষা করা। কিন্তু বিজেপি গণতন্ত্র রক্ষার জন্য কাজ করছে। কংগ্রেসের এই মনোভাব বিজেপি ও এনডিএ ভারতের সবাইকে জানিয়ে দেবে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, তাঁরা কংগ্রেসের ছুড়ে দেওয়া অগণতান্ত্রিক চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। কংগ্রেস দেশের প্রবৃদ্ধি থামানোর চেষ্টা চালাচ্ছে।
এক মাসের এই অধিবেশনে কাজের দিন ছিল মোট ১৮ টি। অথচ একটি দিনও সংসদের দুই কক্ষে স্বাভাবিক কাজ হয়নি।

No comments:

Post a Comment