Tuesday, August 11, 2015

রাজশাহী শিক্ষা বোর্ডে আট বছর ধরে পাসের হারে মেয়েরা এগিয়ে

এবার ছেলেদের পাসের হার ৭৪ দশমিক ৮৯ শতাংশ এবং মেয়েদের ৮০ দশমিক ৬৭ শতাংশ।
ধারাবাহিকভাবে আট বছর ধরে রাজশাহী শিক্ষা বোর্ডে ছেলেদের চেয়ে পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছেন। অন্যদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে আছেন। তবে সার্বিক পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে কমেছে।
এই শিক্ষা বোর্ডে এবার ৬৯২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৪ হাজার ৮৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছেন ৮১ হাজার ৩৩০ জন। পাসের হার ৭৭ দশমিক ৫৪ শতাংশ। গতবার এই হার ছিল ৭৮ দশমিক ৫৫ শতাংশ।
এবার ছেলেদের পাসের হার ৭৪ দশমিক ৮৯ শতাংশ এবং মেয়েদের ৮০ দশমিক ৬৭ শতাংশ। গতবার ছেলেদের পাসের হার ছিল ৭৬ দশমিক ২৭ শতাংশ। আর মেয়েদের ছিল ৮১ দশমিক ১৮ শতাংশ।
এবার রাজশাহী শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ২৫০ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ৮৬৫ ও মেয়ে ২ হাজার ৩৮৫ জন। গতবার মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ৬৪১। তাঁদের মধ্যে ছেলে ছিলেন ৩ হাজার ৯৮৩ জন। আর মেয়ে ৩ হাজার ৬৫৮ জন।
রাজশাহী কলেজের মানবিক বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে পাস করেছেন ঋতু কর্মকার। পাসের হারে মেয়েদের এগিয়ে থাকার ব্যাপারে ঋতু বলেন, মেয়েদের পড়াশোনার ব্যাপারে সরকার ও বিভিন্ন সংস্থা থেকে অনেক তাগিদ দেওয়া হচ্ছে। মেয়েদের পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে। এতে করে অভিভাবকদের মধ্যেও সচেতনতা বেড়েছে।
রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর জাহান বেগম বলেন, ‘ঘরের বাইরের পরিবেশের সঙ্গে ছেলেদের চেয়ে মেয়েরা অপেক্ষাকৃত কম জড়ায়। এ কারণে বাইরের বিভিন্নমুখী ঝামেলা থেকে মেয়েরা অনেকটা মুক্ত থাকে। পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারে।’ তাঁর ধারণা, এতেই পাসের হারে মেয়েরা একটু এগিয়ে থাকছেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, মেয়েরা ছেলেদের চেয়ে অনেক বেশি মনোযোগী। এ জন্য ধারাবাহিকভাবে তাঁরা পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে থাকছেন। রাজশাহী বোর্ডের পাসের হার কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, পাসের হার সামান্য কমেছে। কারণ, প্রস্তুতির সময় দেশে অস্থিতিশীল অবস্থা চলছিল। এ জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি একটু বিঘ্নিত হয়েছে।

No comments:

Post a Comment