Sunday, August 9, 2015

‘ইহুদি দুর্বৃত্তদের’ অগ্নিসংযোগে ফিলিস্তিনি সেই শিশুর বাবাও মারা গেলেন

বাবা সাদ দাওয়াবশের কোলে শিশু আলী l
ছবি: ফিলিস্তিনি বার্তা সংস্থা মা’আন–এর সৌজন্যে
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সন্দেহভাজন ইহুদি দুর্বৃত্তদের দেওয়া আগুনে ফিলিস্তিনি শিশু আলীর মৃত্যুর এক সপ্তাহ পর তার বাবাও মারা গেছেন। এ ঘটনার পর কট্টরপন্থী ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে ‘খোলাখুলি ও ব্যাপক সংঘাতের’ জন্য পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে। খবর এএফপি ও বিবিসির।
শিশু আলীর বাবার নাম সাদ দাওয়াবশ (৩২)। গত ৩১ জুলাই রাতে নাবলুসের কাছের দুমা গ্রামে তাঁর বাড়িতে সন্দেহভাজন ইহুদি বসতি স্থাপনকারীরা আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই শিশু আলীর মৃত্যু হয়। তার গুরুতর দগ্ধ মা-বাবা ও বড় ভাইকে নেওয়া হয় ইসরায়েলি একটি হাসপাতালে। সেখানেই গতকাল শনিবার ভোরে সাদ দাওয়াবশের মৃত্যু হয়। তাঁর স্ত্রী রিহাম ও চার বছরের ছেলে আহমেদের অবস্থা আশঙ্কাজনক।
সাদের স্বজনেরা বলেছেন, গতকালই তাঁর মরদেহ দাফন করার কথা।
ফিলিস্তিনি সাদের ছোট্ট বাড়িটিতে দুর্বৃত্তরা আগুন দেওয়ার পাশাপাশি হিব্রু ভাষায় বাড়ির দেয়ালে লিখে রেখে যায়, ‘প্রতিশোধ’। প্রতিবেশীরা বলেন, মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্তকে তাঁরা পালিয়ে যেতে দেখেছেন। তারা ইহুদি বসতি স্থাপনকারী বলেই সন্দেহ করা হচ্ছে।
ওই বর্বরোচিত হামলার পর সারা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে জড়িত ব্যক্তিদের বিচারের প্রতিশ্রুতি দেন।

No comments:

Post a Comment