Tuesday, August 11, 2015

গণতান্ত্রিক ব্যবস্থা না থাকায় শান্তিচুক্তি বাস্তবায়িত হচ্ছে না -আদিবাসী দিবসের অনুষ্ঠানে সন্তু লারমা

বাংলাদেশের শাসকগোষ্ঠীকে উগ্র জাতীয়তাবাদী ও সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকাতেই শান্তিচুক্তি বাস্তবায়িত হচ্ছে না। রোববার বাংলা একাডেমি চত্বরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০১৫ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সন্তু লারমা এ কথা বলেন। দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের আদিবাসী দিবসের আলোচ্য বিষয় ‘২০১৫ উত্তর এজেন্ডা: আদিবাসী জনগণের স্বাস্থ্য ও জীবনমানের উন্নয়ন’। বিশ্বের ৯০টি দেশের ৪০ কোটি আদিবাসীর অধিকার আদায়ের লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে।
বাংলা একাডেমির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, রাষ্ট্রের ওপরের স্তরে আদিবাসীদের অধিকার নিয়ে সচেতনতার ঘাটতি রয়েছে। অনেকের মধ্যে রয়েছে বিভ্রান্তি, যার প্রভাব সমাজের বিভিন্ন স্তরে পড়ছে। এ কারণে আদিবাসীদের অধিকার নিশ্চিত হচ্ছে না।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, কল্পনা চাকমার মতো আদিবাসী নেত্রীকে অপহরণ করা হয়েছে। তাঁকে এখনো উদ্ধার করা হয়নি। বিচারও হয়নি। এভাবে অপরাধের বিচার না হতে হতে দেখে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। এতে ধর্মান্ধ ও উগ্র গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। এর ধারাবাহিকতাতেই নিলয় চট্টোপাধ্যায়, অভিজিৎ রায়, রাজীব ও ওয়াসিকুর রহমানের মতো প্রগতিশীল চিন্তার ব্লগার খুন হন। মানুষের জন্য ফাউন্ডেশন ও অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজন এবং যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়নবিষয়ক সংস্থা ইউকে এইডের সহযোগিতায় বাংলা একাডেমি চত্বরে চলছে এ অনুষ্ঠান। এ উপলক্ষে বাংলা একাডেমি চত্বরে দেশের ৩০টি আদিবাসীবিষয়ক সংগঠন বিভিন্ন আদিবাসী পণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের জন্য স্টল দিয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

No comments:

Post a Comment