Friday, August 7, 2015

সম্পর্ক জোরদার করতে চায় রাশিয়া ও চীন

লাভরভ–ওয়াং বৈঠক
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার করেছে চীন ও রাশিয়া। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে এক বৈঠক থেকে এ অঙ্গীকার এসেছে। কুয়ালালামপুরে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের ৪৮তম সম্মেলনের ফাঁকে গত বুধবার ওই বৈঠক হয়। খবর সিনহুয়ার। বৈঠককালে চীনা পররাষ্ট্রমন্ত্রী ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধ’ জয়ের ৭০তম বার্ষিকী উদ্যাপন নিয়ে কথা বলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি বাহিনীর বিরুদ্ধে মিত্রশক্তির জয়ের ঘটনাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে জয় হিসেবে দেখে থাকে চীন। ওয়াং ই জানান, বিজয়ের ৭০তম বার্ষিকী উদ্যাপনে বেইজিং ও মস্কো যৌথভাবে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করছে। আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে দেশ দুটির ঐতিহাসিক অবদানগুলো সামনে আনাই এর প্রধান লক্ষ্য। জাতিসংঘ সনদের বিভিন্ন উদ্দেশ্য ও মূল্যবোধ এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক আদর্শগুলোর সুরক্ষায় দুই দেশের দৃঢ় প্রচেষ্টার বিষয়টিও এতে তুলে ধরা হবে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের বার্ষিকী উদ্যাপনে ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত অনুষ্ঠানগুলোতে অংশ নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়াং বলেন, চীন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিষয়গুলোতে রাশিয়ার সঙ্গে কৌশলগত সমন্বয় আরও শক্তিশালী করতে আগ্রহী। একটি অভিন্ন, সহযোগিতামূলক, নিবিড় ও টেকসই এশীয় নিরাপত্তা ধারণা এগিয়ে নিতে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থেই সেটা করা হবে।
চীনা মন্ত্রী বলেন, সম্প্রতি রাশিয়ায় সপ্তম ব্রিকস সম্মেলন ও ১৫তম সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে এবং সংস্থা দুটির উন্নয়নে চীন রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করবে।
বৈঠককালে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭০তম বার্ষিকী উদ্যাপনে আগামী ৯ মে রাশিয়ায় আয়োজিত অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং থাকবেন। তাঁর উপস্থিতিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে মস্কো। রাশিয়া-চীন কৌশলগত সম্পর্ক নিবিড় করা মস্কোর কূটনীতির অন্যতম অগ্রাধিকার। দুই দেশের কৌশলগত সহযোগিতা বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতার জন্য ইতিবাচক।

No comments:

Post a Comment