Friday, August 7, 2015

চট্টগ্রাম সিটিতে প্যানেল মেয়র নির্বাচন ২০ আগস্ট

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র গঠনে ২০ আগস্ট সকালে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের মধ্য দিয়ে তিনজনের একটি প্যানেল গঠন করা হবে। সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের মোট ৫৫ জন কাউন্সিলরের প্রত্যেকে তিনটি করে ভোট দিতে পারবেন। বৃহস্পতিবার দুপুরে নগরের আন্দরকিল্লার নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের প্রথম সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার আবদুল জলিল মন্ডল, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। এ ছাড়া করপোরেশনের কাউন্সিলর ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, প্যানেল মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সাধারণ ওয়ার্ডের সাতজন কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের পাঁচজন কাউন্সিলর আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী সাধারণ ওয়ার্ডের কাউন্সিলররা হলেন ১০নং উত্তর কাট্টলীর নিছার উদ্দিন আহমেদ, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের গিয়াস উদ্দিন, ১৬নম্বর চকবাজার ওয়ার্ডের সাইয়েদ গোলাম হায়দার, ২০নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডের চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ৩২নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের জহর লাল হাজারী, ৩৪নম্বর পাথরঘাটা ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল ও ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের ছালেহ আহমেদ চৌধুরী।
সংরক্ষিত কাউন্সিলরদের মধ্যে রয়েছেন ২নম্বর ওয়ার্ডের জোবাইরা নার্গিস খান, ৫নম্বর ওয়ার্ডের মনোয়ারা বেগম, ৭নম্বর ওয়ার্ডের আনজুমান আরা বেগম, ৯ নম্বর ওয়ার্ডের ফারহানা জাবেদ এবং ১২ নম্বর ওয়ার্ডের আফরোজা জহুর।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এর ২০ ধারা অনুযায়ী, সিটি করপোরেশন গঠিত হওয়ার পর অনুষ্ঠিত প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলরা নিজেদের মধ্যে হতে তিন সদস্যবিশিষ্ট একটি মেয়র প্যানেল নির্বাচন করবেন। তবে শর্ত থাকে যে, নির্বাচিত তিনজনের মধ্যে একজনকে অবশ্যই সংরক্ষিত আসনের কাউন্সিলর হতে হবে।
সিটি করপোরেশনের ২নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহেদ ইকবাল প্রথম আলোকে জানান, করপোরেশনের প্রথম সাধারণ সভায় কাউন্সিলররা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মেয়র সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন।
এদিকে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির সভায় জানান, নগরবাসীর স্বার্থে ময়লা-আবর্জনা আগামী ১ সেপ্টেম্বর থেকে রাতে অপসারণ করা হবে। ময়লা-আবর্জনা সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টার মধ্যে কনটেইনার ও নির্দিষ্ট ডাস্টবিনে রাখতে বলা হয়।

No comments:

Post a Comment