Tuesday, August 11, 2015

এইচএসসি পরীক্ষার ফল: পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

আলিম পরীক্ষায় অসাধারণ ফল করার পর গতকাল
রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকার দারুন নাজাত
সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের উল্লাস
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ গতবারের তুলনায় দুটোই কমেছে।
এবার আটটি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসিতে পাসের হার ৬৫ দশমিক ৮৪ শতাংশ। গতবার ছিল ৭৫ দশমিক ৭৪ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৫৭ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী। এবার তা কমে হয়েছে মাত্র ৩৪ হাজার ৭২১ জন। রোববার সারা দেশে একযোগে প্রকাশিত হয়েছে ২০১৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রীর দাবি এবার ফল খারাপ হওয়ার জন্য বছরের শুরুতে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ বড় কারণ। তিনি বলেন, বছরের শুরুতে প্রস্তুতি ক্লাস নেওয়া সম্ভব হয়নি।
নানা সমালোচনার কারণে এবার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই করা হয়নি। এ বিষয়টি প্রশংসিত হয়েছে। কারণ, অনেক প্রতিষ্ঠান সেরা হওয়ার জন্য অসুস্থ প্রতিযোগিতায় নামে।
সকালে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন। এরপর বেলা একটায় সংবাদ সম্মেলনে ফলের তথ্য তুলে ধরেন। তবে কলেজগুলোতে ফল প্রকাশ হয় বেলা দুইটায়। ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমেও শিক্ষার্থীরা ফল জানতে পেরেছেন।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ছিল ৮ লাখ ৭৬ হাজার ৪৭৬ জন। উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৭৭ হাজার ৮৭ জন।
বিজ্ঞান এগিয়ে, মানবিক পিছিয়ে: বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায় তুলনামূলকভাবে এবার সবচেয়ে ভালো ফল করেছে বিজ্ঞান ও গার্হস্থ্য বিভাগের শিক্ষার্থীরা। আর সবচেয়ে খারাপ ফল করেছে মানবিক, ইসলাম শিক্ষা ও সংগীত বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগে এবার ৭৭ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মানবিক বিভাগে উত্তীর্ণ ৫৭ দশমিক ৯৯ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছেন বিজ্ঞানের শিক্ষার্থীরা। তিন বিভাগে যেখানে মোট জিপিএ-৫ পেয়েছে ৩৪ হাজার ৭২১ জন। সেখানে বিজ্ঞান বিভাগ থেকেই ২৬ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে মানবিকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী।
ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭১ দশমিক ৯৩ শতাংশ। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭২২ জন পরীক্ষার্থী।
পাসে ছাত্রীরা, জিপিএ-৫ এ ছাত্ররা এগিয়ে: ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ২৫ শতাংশ। আর ছাত্রদের পাসের হার ৬৪ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৯ হাজার ৬৩ জন ছাত্র ও ১৫ হাজার ৬৫৮ জন ছাত্রী।
এগিয়ে রাজশাহী, ফল বিপর্যয় যশোরে: এইচএসসিতে পাসের হারে আটটি বোর্ডের মধ্যে সবচেয়ে এগিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড। পাসের হার ৭৭ দশমিক ৫৪ শতাংশ।
আর সবচেয়ে পিছিয়ে রয়েছে যশোর শিক্ষা বোর্ড। এই বোর্ডে এবার ফল বিপর্যয় হয়েছে। এখানে পাসের হার মাত্র ৪৬ দশমিক ৪৫ শতাংশ। অথচ গতবারও এই বোর্ডে পাসের হার ছিল ৬০ দশমিক ৫৮ শতাংশ।
অন্য বোর্ডের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ৬৮ দশমিক ১৬ শতাংশ, চট্টগ্রামে ৬৩ দশমিক ৪৯ শতাংশ, সিলেটে ৭৪ দশমিক ৫৭ শতাংশ, কুমিল্লায় ৫৯ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৭০ দশমিক ০৬ শতাংশ ও দিনাজপুরে ৭০ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
বিদেশে প্রায় ৯০ শতাংশ পাস: বিদেশের কেন্দ্রগুলোতে গড় পাসের হার ৮৯ দশমিক ৮৩ শতাংশ। বিদেশে পাঁচটি কেন্দ্রে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছেন ২১২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন।
গত ১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়। এবার পরীক্ষা শেষ হওয়ার ৫৯ দিনের মধ্যে ফল প্রকাশ করা হলো।

No comments:

Post a Comment