Monday, August 10, 2015

কবিতা-গানে অন্য রকম সন্ধ্যা

ক্বণনের অনুষ্ঠানে আবৃত্তি করেন এক শিল্পী
কখনো রবীন্দ্রনাথ, কখনো কাজী নজরুল কিংবা জীবনানন্দের কবিতা। ছিল সুরের আবেশ। কবিতা-গানে অন্য রকম সন্ধ্যা। গত ৩১ জুলাই নগরের প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ক্বণন।
শুরুতে ছিল আলোচনাপর্ব। এতে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। ক্বণনের সভাপতি মোসতাক খন্দকারের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাচিকশিল্পী অরুণ ভদ্র। সৌভিক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কার্যকরী পরিষদ সদস্য রুম্মান মাহমুদ।
কবি আসাদ চৌধুরী বলেন, ‘আবৃত্তিকার কবির বোধের জগৎকে একজন শিক্ষিত পাঠকের চেয়েও খুব সহজে শ্রোতার কাছে তুলে ধরতে পারেন। ছাপার অক্ষরে যা বোঝা যায় না, আবৃত্তিকার নান্দনিক পরিবেশনার মাধ্যমে তা বোধগম্য করেন।’
আলোচনা শেষে বসে গান ও কবিতার আসর। প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতা আবৃত্তি করেন সোহরাব পিয়াস।
রফিক আজাদের ‘প্রতীক্ষা’ আবৃত্তি করে শোনান আকলিমা খাতুন। এরপর একে একে একক আবৃত্তি পরিবেশন করেন ইকবাল সাকী, তৃষা সেন, জুনায়েদ শাওকী, ইমরানুল হক ও তৃষা নাহিদা। তাঁরা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, আল মাহমুদ, আবুল হাসান, নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, জগন্নাথ চক্রবর্তী, অর্জুন মিত্র, রবিউল হোসাইন প্রমুখের কবিতা আবৃত্তি করেন।
একক আবৃত্তির পরিবেশনা শেষে সংগীত পরিবেশন করেন শোয়েবুল করিম ও মোহাম্মদ রাশেদ। এরপর কবি আসাদ চৌধুরী তাঁর লেখা ‘সত্য ফেরারী’ কবিতাসহ বিভিন্ন কবির পাঁচটি কবিতা আবৃত্তি করে শোনান। শেষে সংগঠনের ৬৪তম কর্মশালায় অংশগ্রহণকারী ২৯ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন অতিথিরা।

No comments:

Post a Comment