Monday, August 10, 2015

দুই দিনে শঙ্খে বিলীন ১০ দোকান

আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের লামার বাজারে ১ ও ৫ আগস্ট দুই দিনে ১০টি দোকান শঙ্খ নদে বিলীন হয়ে গেছে। শঙ্খের পানি বেড়ে এখন ভাঙছে পাড়।
সরেজমিনে দেখা যায়, লামার বাজার ঘেঁষে বয়ে যাচ্ছে শঙ্খ নদ। দোকান ভেঙে বিলীন হয়ে গেছে পাশের সড়কও। বাজার বলতে এখন আছে মাত্র চারটি দোকান। সেগুলোও যেকোনো মুহূর্তে নদে বিলীন হওয়ার পথে।
বাজারের দোকানিরা জানান, ৫ আগস্ট রাতে বাজারের মো. ওসমান ও মোহাম্মদ হেলালের মুদির দোকান, মো. ইসমাইল ও শাহাবুদ্দিনের চায়ের দোকান এবং আবদুল আজিমের পান-সিগারেটের দোকান তলিয়ে যায়। এর আগে ১ আগস্ট রাতে একই জায়গার শাহাবুদ্দিন ও মো. মুসলিমের মুদি, সাইফুদ্দীনের চা, মোহাম্মদ সৈয়দের ওষুধের ও নুরুল আমিনের মুরগি বিক্রির দোকান তলিয়ে যায়। এসব দোকান রাতে ধসে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানের লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়ে গেছে।
মো. ওসমান বলেন, ‘৫ আগস্ট রাতে আমাদের পাঁচটি দোকান তলিয়ে গেছে। এ সময় কেউ দোকানে না থাকায় বিপদ থেকে রক্ষা পেয়েছি।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ২০১১-১২ অর্থবছরে পাউবো খুরু স্কুল গোদারগোড়ায় এক কোটি টাকা ব্যয়ে সিসি ব্লক বসায়।
স্থানীয় লোকজনের অভিযোগ, কিছু স্থানে ব্লক বসানো হলেও বিস্তৃত অংশ অরক্ষিতই রয়ে যায়। তা ছাড়া লামার বাজার এলাকায় ভাঙন বাড়লেও সেখানে কোনো ব্লকই বসানো হয়নি।
জঁুইদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বদিউর রহমান বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই দোকানগুলো নদে বিলীন হয়ে গেছে।’ তিনি জানান, গত ৫ বছরে শঙ্খের ভাঙনে ইউনিয়নের পাঁচ শতাধিক ঘর ছাড়াও শান্তিরহাট, আনোয়ারুল উলুম মাদ্রাসা, ফসলি জমিসহ মসজিদ ও কবরস্থান বিলীন হয়েছে।

No comments:

Post a Comment