Friday, August 21, 2015

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহারের দাবি: শিক্ষার্থীদের মানববন্ধন

ভ্যাট প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর
স্মারকলিপি দিতে গতকাল চট্টগ্রাম জেলা
প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন বেসরকারি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা -ছবি: জুয়েল শীল
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপ করা মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন শতাধিক শিক্ষার্থী।
মানববন্ধনে বক্তব্য দেন শিমুল গুপ্ত, নাজমুল হক, সাইফ উদ্দিন, কাজী জয়নাল, আহমেদ সোহেল, মুক্তা ভট্টাচার্য প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক মানবিক অধিকার। সরকার ক্রমাগত শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দ কমিয়ে শিক্ষাকে বেসরকারি খাতে ছেড়ে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সীমিত আসনসংখ্যার কারণে শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিরাট অঙ্কের টাকা দিয়ে ভর্তি হতে বাধ্য হচ্ছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ে যান। সেখানে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

No comments:

Post a Comment