Tuesday, October 13, 2015

সাবেক পাকমন্ত্রীর বইয়ের প্রকাশনা আয়োজকের মুখে কালি মেখে দিল শিবসেনা

সুধীন্দ্র কুলকার্নি
পাকিস্তানের সাবেক এক মন্ত্রীর একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করায় সংগঠককে মুখে কালি মেখে দিয়েছে শিবসেনা। প্রকাশনা অনুষ্ঠানটি বাতিল করা লক্ষ্যেই তারা এ কাজ করল। যদিও প্রকাশনাস্থল ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, অনুষ্ঠানের জন্য সব ধরনের নিরাপত্তা দেয়া হবে।
পাকিস্তানের সাবেক মন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির এই উপমহাদেশের রাজনীতি নিয়ে লেখা বইটি নেহরু সেন্টারে আজ বিকাল সাড়ে ৫টায় প্রকাশনার সূচি রয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই এ ঘটনা ঘটল।
অনুষ্ঠানটির সঞ্চালনা করার কথা ভারতের রাজনীতিক, কলাম লেখক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক পরিচালক সুধীন্দ্র কুলকার্নির। এ জন্যই তার উপর এ হামলা চালানো হল। অবশ্য তিনি বলেছেন, তিনি অবশ্যই অনুষ্ঠানে যোগ দেবেন।
এ অনুষ্ঠানের আয়োজক কুলকার্নির চিন্তাবিদদের সংগঠন ‘অবজারভার রিসার্চ ফাউন্ডেশন’।
আক্রান্ত হওয়ার পর কুলকার্নি টুইটারে বলেন, ‘শিব সৈনিকেরা বাড়ির বাইরে আমার ওপর হামলা চালিয়েছে। আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তখনই তারা আমার গায়ে কালি মেখে দেয়। আমাকে নিগ্রহ করেছে তারা।’
গণমাধ্যমের সাথে কথা বলছেন এল কে আদভানি
এই হামলায় ৮-১০ শিব সেনা জড়িত বলেও অভিযোগ করেন বিজেপির সাবেক উপদেষ্টা ও কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাবেক সদস্য কুলকার্নি।
শিবসেনার পক্ষ থেকে মিলনায়তনটির পরিচালককে চিঠি দিয়ে অনুষ্ঠানটি বাতিল করার কথা বলা হয়েছে। অন্যথায় শিবসেনার পক্ষ থেকে প্রতিরোধের হুমকি দেওয়া হয়।
এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিজেপি নেতা এল কে আদভানি। তিনি এ ব্যাপারে গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি বলেন, ‘এ ঘটনা গণতন্ত্রের পরিপন্থী। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আমি নিন্দা জানাই। ’
মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠন করা মৌলবাদী দল শিব সেনা বলেছে, সন্ত্রাসবাদে পাকিস্তানের পৃষ্ঠপোষকতাই এই প্রকাশনা অনুষ্ঠান গ্রহণযোগ্য মনে না করার কারণ।
গত সপ্তাহে শিব সেনার তীব্র বিরোধিতার মুখেই পাকিস্তানের কিংবদন্তি গায়ক গোলাম আলীর সংগীতানুষ্ঠান বাতিল করে দিতে বাধ্য হন আয়োজকরা।
সূত্র: টাইমস অব ইনডিয়া

No comments:

Post a Comment