Friday, October 9, 2015

উন্নয়ন প্রকল্পের কাজ সময়মতো শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে
ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি সেতু,
সড়ক ও বিদ্যুৎকেন্দ্র এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
দুটি হলের উদ্বোধন করেন : বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে দেশের দ্রুত অগ্রগতিতে সব প্রকল্পের কাজ যথাসময়ে ও সময় মতো শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী গতকাল গণভবন থেকে তিনটি বিদ্যুৎকেন্দ্রসহ ১৫টি প্রকল্পের উদ্বোধন করেন। ১৫ জেলায় এ প্রকল্পগুলো বাস্তবায়ন হবে।
শেখ হাসিনা বলেন, ‘আমরা এরই মধ্যে দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছি। প্রত্যেক এলাকায় আরো অনেক প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে। এ জন্য দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সবাইকে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজ সঠিকভাবে ও সময় মতো শেষ করতে হবে।
উদ্বোধনকৃত বিদ্যুৎকেন্দ্র পাঁচটি হচ্ছেÑ আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডুলার বিদ্যুৎকেন্দ্র ও আশুগঞ্জ মিডল্যান্ড ৫১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।
আশুগঞ্জে এ তিন কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের আমলে দেশে ১০০ বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলো। এর মধ্যে ২০০৯ সালে দায়িত্ব নেয়ার পর থেকে বিগত সাড়ে ছয় বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ৭৩টি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে।
এ ছাড়াও কনফারেন্সে প্রধানমন্ত্রী নবনির্মিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জননেত্রী শেখ হাসিনা হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সিলেটে কাজীর বাজারে নবনির্মিত সুরমা নদীর ওপর কাজীর বাজার সেতু, নয়াকান্দি সেতু, হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নবনির্মিত কিটিংচর ও সাটুরিয়া সেতু, সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কে বলভদ্র সেতু, পোস্তগোলা সরকারি আধুনিক ময়দার মিল এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল রেলক্রসিংয়ের ওপর রেলওয়ে ওভারপাস নির্মাণ, সিলেটের বিমানবন্দর বাইপাস ইন্টার-সেকশন-লালবাগ-সালুটিকির-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ এবং মানিকগঞ্জের হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মানিকগঞ্জ শহরাংশ (মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জেলা প্রশাসকের বাসভবন পর্যন্ত) চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেলওয়ে মন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ড. মশিউর রহমান ও তৌফিক ই-ইলাহি চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো: আবুল কালাম আজাদ ও সংশ্লিষ্ট সচিবরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment