Wednesday, October 14, 2015

শাহ আমানত বিমানবন্দরে মালিকানাবিহীন কার্টনে ৬৮ লাখ ভারতীয় রুপি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক
বিমানবন্দরের ওয়্যার হাউস থেকে
উদ্ধার করা ভারতীয় রুপি -প্রথম আলো
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে একটি কার্টন থেকে ৬৮ লাখ ৬ হাজার ৫০০ ভারতীয় রুপি জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। কার্টনটির সঙ্গে কোনো ট্যাগ (মালিকানার তথ্য-সংক্রান্ত কাগজপত্র) ছিল না। গতকাল মঙ্গলবার দুপুরে এসব রুপি জব্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তারা বলছেন, কার্টনের সঙ্গে মালিকানার তথ্য না থাকায় এ চালানটি কার তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা যায়নি। কার্টনটির ভেতরে চারটি প্যাকেটে এসব রুপি রাখা হয়েছিল। এ ছাড়া কার্টনের মধ্যে জামা-কাপড়ও ছিল।
বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত কাস্টমসের সহকারী কমিশনার মো. আবুল কাশেম গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কার্গো ভিলেজে (যাত্রীদের পাঠানো পণ্য রাখার গুদাম) পরিদর্শনে গিয়ে দেখা যায় ওই কার্টনের সঙ্গে মালিকানার তথ্য-সংক্রান্ত কোনো ট্যাগ ছিল না। পরে কার্টনটি খুলে ভারতীয় রুপি পাওয়া যায়।
এর আগে গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে ব্যক্তিগত ব্যবহারের ঘোষণা দিয়ে আনা একটি কনটেইনার থেকে পৌনে তিন কোটি ভারতীয় রুপি জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার মোহাম্মদ রিয়াজুল কবীর প্রথম আলোকে বলেন, কারা এই রুপি এনেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রাম বিমানবন্দরে সপ্তাহে চারটি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট আসা-যাওয়া করে।
যাত্রী ব্যাগেজ (আমদানি) বিধিমালা অনুযায়ী, একজন যাত্রী বিদেশ থেকে আসার সময় পাঁচ হাজার ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা আনতে পারেন। এর বেশি হলে দায়িত্বরত শুল্ক কর্মকর্তার কাছে কী পরিমাণ বিদেশি মুদ্রা আনা হয়েছে তার ঘোষণা দিতে হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, যাত্রীর সঙ্গে আনা হয়নি এমন পণ্যভর্তি ব্যাগ বা কার্টন কার্গো শেডে সংরক্ষণ করা হয়। এরপর কাগজপত্র জমা দিয়ে এসব পণ্য খালাস করে নিতে পারেন যাত্রীরা।

No comments:

Post a Comment