বগুড়ার শিবগঞ্জের হরিপুরে শিয়া মসজিদে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ওই মসজিদে বন্দুকধারীরা হামলা চালায়। ওই হামলায় মসজিদের
মুয়াজ্জিন মোয়াজ্জেম নিহত হন। আহত হন ইমামসহ তিনজন। এরপর থেকে ওই মসজিদে
জামাত বন্ধ থাকে। আক্রান্ত মসজিদে গতকালই প্রথম জোহরের নামাজের জামাত হয়।
এতে ১৩ জন মুসল্লি অংশ নেন। পুলিশি নিরাপত্তার মধ্যেই তারা নামাজ পড়েন।
এদিকে, স্থানীয় শিয়া নেতা আবু জাফর অভিযোগ করে বলেন কিছু কিছু সংবাদপত্র
মসজিদ নির্মাণ সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে, বলা হচ্ছে বিদেশি অঢেল টাকায়
এই মসজিদ নির্মাণ করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি নিজ
উদ্যোগে এই মসজিদ নির্মাণে সব সম্প্রদায়ের লোকের সহায়তায় এই মসজিদ নির্মাণ
করেছি। কোন ডোনার বা দাতা সংস্থা এখানে আর্থিক সহায়তা প্রদান করেনি।ওদিকে
শিয়া মসজিদে গুলির ঘটনায় পুলিশের ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা
হয়েছে। ঘটনার পর সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এদিকে
শুক্রবার নিহত মুয়াজ্জিনের কুলখানি উপলক্ষে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা
করেছে শিয়া সম্প্রদায়ের লোকজন। বাড়িতে বাড়িতে কালো পতাকা উত্তোলন করা
হয়েছে। এ পর্যন্ত গুলিবর্ষণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার
মূল হোতা কারা তা এখনও পুলিশ নিশ্চিত করতে পারেনি। হোতাদের ধরতে পুলিশ
নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে। গ্রেপ্তারকৃত মাওলানা শামছুল আলম,
আনোয়ার হোসেন ও জুয়েলের রিমান্ড চলছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর
রহমান মণ্ডল জানান, তাকে (আরিফুর রহমান মণ্ডল) প্রধান করে অতি. পুলিশ সুপার
আবদুল জলিল, সহকারী পুলিশ সুপার হেড কোয়ার্টার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল
ইসলাম, বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম এবং শিবগঞ্জ থানার ওসি
আহসান হাবিবসহ ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান,
এখনও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে না পারলেও অভিযান এবং অধিকতর তদন্ত
অব্যাহত রয়েছে। ঢাকা থেকে আসা স্পেশাল ব্রাঞ্চের দুজন ইন্সপেক্টর বগুড়া এসে
কাজ শুরু করেছে। এদিকে বগুড়া র্যাব-১২ এর হাতে আটক তিনজনের মধ্যে একজনকে
ছেড়ে দেয়া হয়েছে। অপর দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরা হলেন,
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের
ছাত্র শাহিনুর রহমান (২৪)। তার বাড়ি শিবগঞ্জের আলাদিপুরে ও শিবগঞ্জ উপজেলার
আমতলী বন্দরের ব্যবসায়ী রায়হান (২৮)।শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব
জানান, শিয়া সম্প্রদায়ের নিরাপত্তার স্বার্থে হরিপুরে অস্থায়ী পুলিশ
ক্যাম্প করা হয়েছে। র্যাবের হাতে হস্তান্তর করা ওই দুই আসামিকে আদালতের
মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment