![]() |
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আখতার আলী হত্যা মামলার রায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন নেত্রকোনা আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে নাটোর জেলার বড়াই গ্রামের মৃত আবদুল মন্নাফের কন্যা তাহমিনা, ছেলে দুলাল, হায়দার, চান মিয়া ও রায়হান। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও গ্রামের আখতার আলীর সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে মামলা-মোকদ্দমাও চলছিল।এরই জের ধরে ১৯৯৮ সালের ২৫শে নভেম্বর আসামিরা বন্দুক, পিস্তল, বল্লম, কিরিচ, তীর ও ধনুক নিয়ে পাঁচগাঁও গ্রামে অনধিকার প্রবেশ করে আখতার আলীকে গুলি করলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পর নিহতের মেয়ে অরুণা আক্তার বাদী হয়ে ওই দিনই কলমাকান্দা থানায় ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ১৯৯৯ সালের ১২ই এপ্রিল আদালতে চার্জশিট দেয়। এতে ১৩ জন বেকসুর খালাস পায়। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ১৬ বছর পর গতকাল এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট মো. আজম খান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট পীযূষ কুমার সাহা ও অ্যাডভোকেট শামছুদ্দিন আহমেদ।

No comments:
Post a Comment