Sunday, November 15, 2015

কক্সবাজারের পোকখালী-ইসলামাবাদে গরু চোর চক্র সক্রিয় ,এক রাতে ৬ গরু চুরি

কক্সবাজারের পোকখালী-ইসলামাবাদে গরু চোর চক্র সক্রিয় ,এক রাতে ৬ গরু চুরি
সদর প্রতিনিধি, কক্সবাজার ঃ
কক্সবাজার সদরের পোকখালী ও ইসলামাবাদ মধ্যবর্তী এলাকায় সংঘবদ্ধ গরু চোর চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রতিরাতেই কোন না কোন গৃহস্তের বাড়ীতে হানা দিয়ে গৃহপালিত গরু চুরি করে নিয়ে যাচ্ছে এ চোর সিন্ডিকেট। প্রশাসনের কঠোর নজরদারী থাকা সত্ত্বেও তারা সুযোগ বুঝে এ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। জানা যায়, সদরের পোকখালী, পূর্ব পোকখালী, গোমাতলী, নতুন বাজার, ইছাখালী, হিন্দু পাড়া ও ইসলামাবাদ, টেকপাড়া, পশ্চিম টেক পাড়া, নাপিতের গুদাসহ কয়েকটি এলাকা থেকে প্রতিদিন চুরি হচ্ছে এ গরুগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, স্থানীয় বর্ণিত এলাকার চিহ্নিত কয়েকজন গরু চোর এ কর্মকান্ড চালালেও তাদের কাছে অবৈধ অস্ত্র থাকায় তারা মুখ খোলার সাহস পাচ্ছে না। চিহ্নিত এ সন্ত্রাসীরা প্রতিনিয়ত গরু চুরির পাশাপাশি সড়কে ডাকাতি, মোটর সাইকেল ছিনতাই, প্যারাবন নিধন, ভূমি দখল, চিংড়ি প্রজেক্ট দখলসহ একাধিক অপরাধ করে যাচ্ছে। গত জুমাবার গভীর রাতে পোকখালী, নতুন বাজার এলাকার নুরুল আজিমের গোয়াল ঘর থেকে বলদসহ ৩টি গরু ও টেকপাড়াস্থ হিন্দু পাড়ার চুইন্যা মাঝির গোয়াল ঘর থেকে ষাড়সহ ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। গত ৮ নভেম্বর গোমাতলী সড়কে পূর্ব ইছাখালী এলাকায় চলাচলরত মোটর বাইক চালককে বেঁধে রেখে যানবাহন ছিনতাইসহ অহরহ অপকর্ম করে যাচ্ছে এলাকার চিহ্নিত এ সন্ত্রাসী ও চোরের দল। এলাকাবাসীর দাবী, উক্ত এলাকায় প্রতিনিয়ত পুলিশ টহল জোরদার করলে অপরাধ অনেকাংশে কমে আসবে। গরুর মালিক চুইন্যা মাঝি ও ুনুরুল আজিম জানান, প্রতিদিনের ন্যায় তারা ঘুমিয়ে পড়লে সংঘবদ্ধ চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৬টি গরু নিয়ে যায়। স্থানীয় ওয়ার্ড মেম্বার গরু চুরির ঘটনার সত্যতা স্বীকার করেন। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মিনহাজ মাহমুদ ভুঁইয়া স্পর্শকাতর এলাকায় পুলিশী অভিযান ও টহল অব্যাহত রয়েছে বলে জানান।

No comments:

Post a Comment