নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ রাখা হয়নি দাবি করে নির্বাচন কমিশনের (ইসি)
সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও
পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা.
শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকালে বঙ্গবন্ধু শেখ
মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত স্মরণসভায় বক্তব্য
রাখেন তিনি। এসময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, পৌর
নির্বাচনের প্রচারণায় আমরা (মন্ত্রী) না গেলেও সংসদ সদস্যদের প্রচারণায়
যাওয়ার সুযোগ রাখা দরকার ছিল। তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া যে
সুযোগ পাবেন, আমরা কেন সেটি পাবো না? এ বিষয়ে সবার সমান সুযোগ রাখা দরকার
ছিল। নির্বাচন কমিশন এটি ঠিক করেনি। বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের এই
শীর্ষ নেতা বলেন, বিএনপি নাকি নির্বাচনে আসবে, ভালো কথা। আওয়ামী লীগ সবসময়
খেলার মাঠে প্রস্তুত রয়েছে। আমরা ক্রিকেটেও আছি, ফুটবলেও আছি। আপনারা
(বিএনপি) এগোলেও আছি, পেছালেও প্রস্তুত আছি। তাই নির্বাচনে আসুন। তিনি আরও
বলেন, আমরা নির্বাচন দিয়েছি। সেই নির্বাচন দলীয় ভিত্তিতে করলে অসুবিধা কী?
এখন আবার টেলিভিশনের টকশোতে আলোচনা হচ্ছে- নির্বাচন কেন দিয়েছি? নির্বাচন
দিলেও দোষ, না দিলেও দোষ। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে
অভিযোগ করে মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, বিশ্বব্যাংকও
সে কথাই বলছে। এ জন্যই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। উপস্থিত
চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডা. মিলনের স্বপ্ন ছিল
রোগীদের সেবা দেয়া। তাই ডা. মিলনকে শ্রদ্ধা করলে গ্রামে যেতে হবে।
বিএসএমএমইউ-এর ভিসি ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা
সভায় আরও বক্তব্য দেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক
বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, শহীদ ডা. মিলনের মা সেলিনা আখতার,
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ডা. মোস্তফা জালাল
মহিউদ্দিন প্রমুখ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment