জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে রাজধানীতে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে গতকাল সোমবার সারা দেশে সকাল থেকে সন্ধ্যা এ হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী। হরতালের প্রতিবাদে গতকাল সকাল থেকে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশ করেছে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সেখানে জড়ো হন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে হরতালবিরোধী মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওসার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নেতৃত্বে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল ও সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুল হকের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী একটি মিছিল হয়। এছাড়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের নেতৃত্বে একটি মিছিল কেন্দ্রীয় কার্যালয়ে আসার পর সেখানে সমাবেশ করে। এদিকে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে রাজধানীর ফার্মগেট, ধানমন্ডি, মিরপুর সহ বিভিন্ন এলাকায় হরতালবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment