Monday, November 30, 2015

নেপালে ভারতীয় টিভি চ্যানেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

অঘোষিত অবরোধের প্রতিবাদে ভারতীয় সব টেলিভিশন চ্যানেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন নেপালের ক্যাবল টিভি অপারেটররা। ওদিকে নেপাল-ভারত সীমান্তে এখনও পণ্যবাহী অসংখ্য ট্রাক আটকা পড়ে আছে। আলাদা এক ঘটনায় ভারতের ১৩ সশস্ত্র সীমা বাল (এসএসবি) জওয়ানকে আটক করে পরে ছেড়ে দিয়েছে নেপাল। নেপালে ধর্মনিরপেক্ষতার পক্ষে নতুন সংবিধান পাস হওয়ার পর থেকেই এ দুটি দেশের মধ্যে এক রকম চাপা উত্তেজনা বিরাজ করছে। মধেষি সম্প্রদায় অভিযোগ করছে, নতুন সংবিধান পাস হওয়ায় তারা সম-অধিকার পাবেন না। এজন্য তারা ভারত থেকে নেপালে প্রবেশপথগুলোতে তীব্র আন্দোলন অব্যাহত রেখেছে। ফলে ভারতীয় পণ্যবাহী ট্রাক, লরিগুলো নেপালে প্রবেশ করতে পারছে না। তারা বলছে, নেপালের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে তাদের ট্রাক, লরিগুলো নেপালে প্রবেশ করার মতো অবস্থা নেই। নেপাল একে ভারতের অঘোষিত অবরোধ হিসেবে আখ্যায়িত করেছে। ভারতের সঙ্গে এমন সম্পর্কের ফলে নেপালে সৃষ্টি হয়েছে তীব্র জ্বালানি সংকট। মরিয়া হয়ে দেশটি অন্য দেশগুলোর কাছ থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করছে। গতকাল বার্তা সংস্থা এএনআই খবর দিয়েছে, নেপালের বিরুদ্ধে অঘোষিত অবরোধের প্রতিবাদে সেখানকার ক্যাবল টিভি অপারেটররা ভারতীয় সব টেলিভিশন চ্যানেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। নেপালে যখন ভারত বিরোধিতা বৃদ্ধি পাচ্ছে তখন গত শুক্রবার নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রণজিত রাই বলেছেন, আমরা বুঝতে পারছি এটা অবশ্যই রাজনৈতিক কারণ অথবা অন্য কোনো কিছু। ভারত বিরোধিতা বৃদ্ধি পাওয়ার বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এমন অনুভূতিকে উৎসাহিত করা মানে দুটি দেশের জন্যই সমান ক্ষতিকর। তিনি বলেন, একটি মহল ভারত বিরোধিতা ছড়িয়ে দিতে উৎসাহ জোগাচ্ছে। ওদিকে বার্তা সংস্থা পিটিআই জানায়, সীমান্ত অতিক্রম করার কারণে নেপালের সীমান্তরক্ষীরা ভারতের সশস্ত্র সীমা বালের (এসএসবি) ১৩ জওয়ানকে আটক করে। তারা সন্দেহজনক পাচারকারীদের পিছু ধাওয়া করে বিহারের কৃষাণগঞ্জ জেলার আমবারি-কেষ্ণা সীমান্ত পেরিয়ে নেপালে প্রবেশ করেছিলেন। এসএসবি কর্মকর্তারা এ ইস্যুটি নেপালের আর্মড পুলিশ ফোর্সের নজরে আনলে পরে তাদের ছেড়ে দেয়া হয়। খবরে বলা হয়, গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে ওইসব জওয়ানকে আটক করে নেপাল। এর মধ্যে রয়েছেন কনস্টেবল রোশান, রামপ্রসাদ প্রমুখ।

No comments:

Post a Comment