দলীয় নেতাকর্মীসহ বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও গুম-খুনের
প্রতিবাদে গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে
জামায়াত-শিবির। এ উপলক্ষে সকালে রাজধানীর মগবাজার এলাকায় ঝটিকা
মিছিল-সমাবেশ করেছে রমনা থানা জামায়াত। মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে
মগবাজার চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রমনা থানা আমীর ড. মুহাম্মদ
রেজাউল করিম বলেন, খুন-গুম এবং কারারুদ্ধ করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা
থামানো যাবে না। আওয়ামী লীগ আদর্শিকভাবে পরাজিত হয়ে এবং নিজেদের দেউলিয়াত্ব
ঢাকার জন্যই ফ্যাসিবাদী কায়দায় জামায়াতের শীর্ষ নেতৃত্বকে হত্যা করছে।
ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করবে না। সব কিছুর
মাঝেও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে দেশ গড়ার আন্দোলন চলবে। মহানগর
জামায়াতের মজলিশে শুরা সদস্য মুহাম্মদ সালাহ উদ্দিন, ড. হাবিবুর রহমান,
জামায়াত নেতা শেখ নেয়ামুল করিম, জিল্লুর রহমান, আতাউর রহমান সরকার,
ছাত্রনেতা শরিফুল ইসলাম ও জামিল মাহমুদ সমাবেশে অংশ নেন। কর্মসূচির অংশ
হিসেবে সকাল ৮টায় রাজধানীর কল্যাণপুর নতুন বাজার এলাকায় বিক্ষোভ করে
জামায়াত-শিবির নেতাকর্মীরা। মাহফুজুর রহমানের নেতৃত্বে মিছিলে উপস্থিত
ছিলেন দারুসসালাম থানা আমীর মোস্তাফিজুর রহমান, মিরপুর পশ্চিম সেক্রেটারি
জাহাঙ্গির কবির, মহানগরী পশ্চিম শিবির সভাপতি তামিম, শিবির নেতা আবদুল
আলিম, জুবায়ের, মায়েদ প্রমুখ। একই সময় উত্তরা হাউজ বিল্ডিং সংলগ্ন আদম
মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির। মিছিলে খিলক্ষেত থানা
আমীর এ এম পান্না, সেক্রেটারি হোসাইন আহম্মেদ, বিমানবন্দর থানা সেক্রেটারি
মো. ইব্রাহিম খলিল, দক্ষিণখান থানা সেক্রেটারি মুনিরুল হক উপস্থিত ছিলেন।
একই ইস্যুতে গ্রিন রোডে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির। মাওলানা
দেলোয়ার হোসেনের নেতৃত্বে মিছিলে ধানমন্ডি থানা আমীর অ্যাডভোকেট জসিম
উদ্দীন তালুকদার, হাজারীবাগ থানা আমীর শেখ শরীফ, ঢাকা মহানগর পশ্চিম শিবির
সেক্রেটারি ডা. মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী,
সিলেট, কুমিল্লা, বরিশাল, গাজীপুর মহানগর এলাকায় বিক্ষিপ্ত মিছিল-সমাবেশ
করেছে জামায়াত শিবির।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment