Friday, November 27, 2015

সচিবালয়ে প্রবেশে তিন নির্দেশনা দিয়ে আদেশ জারি

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে একটি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার নিরাপত্তা-২ শাখার যুগ্ম সচিব মো. সাহেদ আলীর স্বাক্ষরে এ সংক্রান্ত তিনটি নির্দেশনা দেয়া হয়েছে। সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে এ চিঠি দেয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, যে কোন ধরনের নিরাপত্তার ঝুঁকি এড়াতে দর্শনার্থীদের পরিচয় নিশ্চিত না হয়ে সচিবালয়ে প্রবেশে পাস ইস্যু করা যাবে না। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাস ইস্যুর ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের পাস ইস্যুর ক্ষমতা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। আগে একজন কর্মকর্তা ১০টি পাস ইস্যু করতে পারতেন। এ চিঠি জারির পর প্রত্যেক কর্মকর্তা পাঁচটি পাস ইস্যু করতে পারবেন। চিঠিতে দর্শনার্থীর পূর্ব-পরিচয় নিশ্চিতকরণে সোমবার বিকাল ৩টার আগে কোনো ধরনের সভা না ডাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সচিবালয়ে কর্মরত স্থায়ী কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় সাত হাজার। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় যোগদান করতে প্রতিদিন তিন হাজার ব্যক্তি বা কর্মকর্তা সচিবালয়ে প্রবেশ করেন। সোমবার ছাড়া দৈনিক ১০টি করে প্রায় ১০ হাজার পাস ইস্যু করা হয়। এছাড়া, সচিবালয়ে প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের আড়াই থেকে তিন হাজার গাড়ির ড্রাইভার প্রবেশ করেন। প্রতিদিন প্রায় ২৫ হাজার লোক আসা যাওয়া করেন সচিবালয়ে। উল্লেখ্য, গত মঙ্গলবার সচিবালয়ে নিরাপত্তা কড়াকড়ি সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদে বিস্তারিত উল্লেখ করা হয়েছিল।

No comments:

Post a Comment