![]() |
আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির
চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা, তা
আল্লাহই ভালো জানেন। তবে তার স্ত্রী বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ নির্বাচন
সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদি। গতকাল জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে
পৌর নির্বাচনের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মতবিনিময় করেন এইচ এম
এরশাদ। এ সময় তিনি নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, যদি এই
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে মানুষ আওয়ামী লীগের সকল অপকর্ম
ভুলে যাবে। তিনি বলেন, এখন পর্যন্ত জোটগতভাবে কোন নির্বাচন করে সুফল পাইনি।
তাই জাতীয় পার্টি এখন থেকে সব নির্বাচন একাই করবে। জাপা চেয়ারম্যান বলেন,
আমরা নির্বাচন কমিশনকে মনোনয়ন দাখিলের জন্য ১০দিন সময় বাড়ানোর অনুরোধ
করেছি। আশা করছি অন্তত ৭ দিন হলেও সময় বাড়াবে কমিশন। রওশন এরশাদ বলেন,
আমাকে সাধারণত দলের এসব কার্যক্রমে রাখা হয় না। তাই আসি না। আজ এমনি দেখতে
এসেছি। তবে আমাদের মাঝে কোন বিভক্তি নেই। তিনি বলেন, পৌর নির্বাচনে
প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতার পাশাপাশি সামাজিক
কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা উচিত। আশা করি ৩০শে
ডিসেম্বর পৌরসভায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। জাতীয় পার্টির
প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, মাসুদ পারভেজ সোহেল রানা, এস এম ফয়সাল চিশতী
প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সকাল ১০টা থেকে পৌরসভা নির্বাচনের জন্য
দলটির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। বেলা ২টার পর মনোনয়ন প্রত্যাশীরা তাদের
ফরম জমা দেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, মেয়র
পদের জন্য প্রায় সাড়ে ৪শ’ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ১৫১ জনকে মেয়র
পদের জন্য চূড়ান্ত করেছেন এরশাদ। বাকিদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া
হবে।

No comments:
Post a Comment