Monday, November 30, 2015

‘হত্যা করে পুলিশের মনোবল ভাঙা যাবে না’

পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, পুলিশের মনোবল ভেঙে দেয়ার জন্য ২০১৩ সালে ১৮জন ও বর্তমানে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, আন্দোলনের নামে সহিংসতা ও পুলিশ হত্যা করে পুলিশের মনোবল ভাঙা যাবে না, বরং পুলিশ আরো বেশি শক্তিশালী হবে। অশুভ শক্তির কাছে পুলিশ কখনও মাথা নত করেনি এবং করবে ও না। তিনি আজ রোববার দুপুরে লক্ষ্মীপুরের মোহাম্মদীয়া পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। লক্ষ্মীপুর পুলিশ সুপার শাহ্‌ মিজান সাফিউর রহমানের সভাপতিত্বে তিনি আরও বলেন, মানবতাবিরোধী কোন কাজ এ দেশে বরখাস্ত করা হবে না, ধর্মের নামে অধর্ম, মুসলমানদের ধ্বংস করার যে ষড়যন্ত্র চলছে, সেটা কখন ও হতে দেয়া হবে না, জনগণকে সঙ্গে নিয়ে সেটা নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন পুলিশ প্রধান। পুলিশ প্রধান আরও বলেন, আইএস-এর নামে যারা মসজিদে হামলা করে মুয়াজ্জিন হত্যা করে, তারা মুসলমান হতে পারে না, মুসলমানের নাম দিয়ে মুসলমানকে ধ্বংস করেছে, মসজিদে আযান হয়, নামাজ হয়, তারা কাকে মারছে, এটি কোন জিহাদী আন্দোলন হতে পারে না। এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। ইসলাম এটি সমর্থন করে না। আইএস, আনসারউল্লাহ বাংলাটিম, জেএমবি’র নামে যারা সমর্থক তৈরি করেছেন, তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। বাড়ি ভাড়ার ক্ষেত্রে সবাইকে সজাগ থাকতে হবে। কারা বাড়ি ভাড়া নিচ্ছেন এবং কি কাজ করছেন, এসব বিষয়ে খোঁজ-খবর রাখতে হবে। সন্দেহ হলে পুলিশকে অবহিত করার জন্য বলেন তিনি।
এতে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ একেএম শাহজাহান কামাল ও মো. আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপু, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন, পৌর মেয়র বেলাল আহমদ, ব্যবসায়ী মিজানুর রহমান, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি সৈয়দ জিয়াহুল হুদা আপলু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়াসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রোববার সকালে লক্ষ্মীপুর শহরের পুলিশলাইন্স স্কুল ও রামগঞ্জ শহরে পুলিশ বক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়া পুলিশ সুপার কার্যালয়ে আইনশৃঙ্খলা নিয়ে জেলা পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পৃথক পৃথকভাবে কথা বলেন। এর আগের দিন শনিবার বিকালে পুলিশ সুপার শাহ্‌ মিজান সাফিউর রহমানের সভাপতিত্বে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশ ও রাতে পুলিশ লাইন্স মাঠে সাংস্কৃতিক সন্ধ্যায় যোগ দেন পুলিশ মহপারিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। এছাড়া সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত চন্দ্রগঞ্জ থানা সন্ত্রাস নির্মূল কমিটির আহ্বায়ক ওমর ফারুকের মা ও স্ত্রীর হাতে জেলা পুলিশ সুপার ও আইজিপি’র পক্ষ থেকে দুই লাখ টাকার চেক তুলে দেন তিনি।

No comments:

Post a Comment