Sunday, November 29, 2015

সবুজসংকেত পেলেই ফেসবুক খুলে দেয়া হবে- পলক

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবুজসংকেত পেলেই ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, সাইবার অপরাধরোধে শিগগির আইন প্রণয়ন করা হবে। এ-সংক্রান্ত ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া তৈরির কাজ চলছে। শিগগির তা মন্ত্রিসভায় পাঠানো হবে। গতকাল দুপুরে রবি মোবাইল অপারেটরের উদ্যোগে সিলেটের এমসি কলেজে ওয়াইফাই সেবা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।  এদিকে সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ইনকুভেশন সেন্টার হবে বলে ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দুই দিনব্যাপী প্রযুক্তি  উৎসব ‘আইপিভিশন সিএসই কার্নিভাল ২০১৫’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রথম তারবিহীন ওয়াইফাই হটস্পোট ও মোবাইলে ভর্তি প্রক্রিয়া উদ্ভাবন করেছিল সিলেটের এ প্রতিষ্ঠান। তাই দেশের প্রথম ইনকুভেশন সেন্টারও এ প্রতিষ্ঠানে হবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী আরও বলেন, প্রযুক্তির ক্ষেত্রে বর্তমানে বিশ্বে ঝুঁকি বাড়ছে। সাইবার সিকিউরিটি এখন একটি বিরাট ইস্যু। সাইবার অপরাধরোধ আইনের মাধ্যমে বাংলাদেশে সাইবার অপরাধ, ইন্টারনেট ব্যবহার করে দেশ ও  জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপকে প্রতিহত করার লক্ষ্যে সক্ষমতা তৈরি করছি। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ছয় বছর আগে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যেখানে ১২ লাখ ছিল, বর্তমানে তা সাড়ে ৫ কোটিতে দাঁড়িয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জে ১৬২ একর জমিতে ‘ইলেকট্রনিক সিটি’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে মন্তব্য করে জুনাইদ আহমেদ পলক বলেন, এজন্য আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে। সরকার দেশের জনগণের দোরগোড়ায় ইন্টারনেট পৌঁছে দিতে চায় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে এক লাখ ফ্রি ওয়াইফাই জোন স্থাপনের পরিকল্পনা নিয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকুঞ্জী প্রমুখ

No comments:

Post a Comment