Sunday, November 29, 2015

রাশিয়ায় নতুন দায়িত্বে পঙ্কজ শরণ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণকে রাশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে। বলা হয়েছে, শরণ দ্রুততম সময়ের মধ্যে ঢাকার দায়িত্ব শেষে মস্কোতে তার নতুন দায়িত্ব বুঝে নেবেন। উল্লেখ্য, ইতিমধ্যে বাংলাদেশ পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে দেশটির পররাষ্ট্র সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা হর্ষবর্ধন সিংলার নাম ঘোষণা হয়েছে। সিংলা থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে প্রায় ৩ বছর ধরে কাজ করছেন। তিনিও দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় তার দায়িত্ব বুঝে নেবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণ ভারতের ফরেন সার্ভিসের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে তিনি ওয়াশিংটন, কায়রো ও জেনেভায় ভারতীয় মিশনে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকায় ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হিসেবে কাজ করেছেন। এছাড়া  নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব-ইউরোপ বিভাগের উপ-সচিব ও যুগ্ম-সচিব (উত্তর) ছিলেন। শুধু তাই নয়, দুইবার প্রেষণে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়েও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে পেশাদার ওই কূটনীতিকের।

No comments:

Post a Comment