বিশ্বজুড়ে
নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের
বিভিন্ন অংশে জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসী হামলা বৃদ্ধির প্রেক্ষিতে দেশটির
পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ওই সতর্কতা জারি করে। থ্যাংক গিভিং ডে উপলক্ষে
কয়েক লাখ মার্কিনি বিভিন্ন স্থান সফর করতে পারেন। এ জন্য পররাষ্ট্র
মন্ত্রণালয় মার্কিন সরকার বা বেসরকারি স্বার্থের ওপর হামলা হতে পারে বলে
হুঁশিয়ারিতে বলা হয়। তবে সতর্কবার্তায় নাগরিকদের চলাফেরা বন্ধ রাখার
পরামর্শ দেয়া হয়নি। বলা হয়েছে, তাদেরকে সজাগ থাকতে হবে। বিশেষ করে জনসমাগম
বেশি হয় এমন স্থানগুলোতে। উল্লেখ্য, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর বিশ্ব
বাণিজ্য কেন্দ্রে সন্ত্রাসী হামলা হয়। তারপর থেকেই নিয়মিতভাবে বিশ্বজুড়ে
ভ্রমণ সতর্কতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, সর্বশেষ দেয়া সতর্কতা বহাল থাকবে ২৪শে
ফেব্রুয়ারি পর্যন্ত। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে,
বর্তমানে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে ইসলামিক স্টেট, আল কায়েদা, বোকো
হারাম ও অন্যান্য সন্ত্রাসী গ্রুপ বহু এলাকায় হামলা চালানোর পরিকল্পনা
অব্যাহত রেখেছে। যদিও এতে ১৩ই নভেম্বর প্যারিস হামলার কথা উল্লেখ নেই তবু
বলা হয়েছে, জঙ্গিরা ফ্রান্স, নাইজেরিয়া, ডেনমার্ক, তুরস্ক ও মালিতে হামলা
চালিয়েছে। কর্তৃপক্ষ মনে করে যেহেতু সিরিয়া ও ইরাক থেকে ইসলামিক স্টেটের
সদস্যরা ফিরে যাচ্ছে ফলে হামলার হুমকি অব্যাহত থাকবে। উপরন্তু বড় সন্ত্রাসী
গ্রুপের দ্বারা অনুপ্রাণিত কোন ব্যক্তি হামলার পরিকল্পনা করতে পারে। ওদিকে
প্যারিস হামলার পর ফ্রান্স ও বেলজিয়াম সন্ত্রাসী সালাহ আবদেসলাম (২৬)কে
ধরার জন্য প্রাণপণ চেষ্টা করছে। সে পালিয়ে এখন বেলজিয়ামে রয়েছে বলে ধারণা
করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment