Wednesday, December 2, 2015

আইইউবিএটিতে হামলা: পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করলেন ভিসি

সোমবার উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএনটি)তে হামলার জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করলেন ভিসি প্রফেসর ড. এম আলিমউল্যা মিয়ান। গতকাল উত্তরা নিজস্ব ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। হামলার বর্ণনা দিয়ে ভিসি বলেন, পুলিশের সামনেই বহিরাগতরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও যানবাহনের ওপর যেভাবে তাণ্ডব চালিয়েছে তা দেখে সবাই হতবাক। পুলিশের ভূমিকা রহস্যজনক অভিযোগ করে ভিসি বলেন, পুরো ঘটনার সময় হামলাকারীদের স্বাগত জানিয়েছেন তারা। পুলিশ নিষ্ক্রিয়তা না দেখালে এতো বড় ঘটনা হয়তো ঘটতে পারতো না বলে জানান ভিসি। হামলার পুরো ভিডিও ফুটেজ দেখিয়ে তিনি বলেন, সোমবার দুপুরে দুই থেকে আড়াই’শ লোক মূল রাস্তায় মিছিল শুরু করে। তারা আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়ের গেইটের কাছে আসতে চাইলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে রাখে। কিন্তু তারা যখন মূল গেইট ভাঙার চেষ্টা করছিল তখন পুলিশ সেখান থেকে আস্তে আস্তে সরে যায়। বিক্ষোভকারীরা গেইট ভেঙে অনায়াসে ভেতরে ঢুকে ১২টি মাইক্রোবাস, শিক্ষার্থীদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের ১৫টি বাস, বেশ কয়েকটি প্রাইভেটকারসহ বিভিন্ন কক্ষে হামলা চালায়। তখনও পুলিশ ছিল নীরব। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সিকিউরিটির লোকজন হামলাকারীদের প্রতিরোধ করার চেষ্টা করলে পুলিশ এগিয়ে আসে। ততক্ষণে যা তাণ্ডব ঘটানোর তা ঘটিয়ে ফেলেছে তারা। ভিসি বলেন, আমি আইনগত আশ্রয়ের জন্য উত্তরা পশ্চিম থানায় এজাহার করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ মামলা নেয়নি। উপরের নিষেধাজ্ঞা আছে বলে থানা ওই মামলা নেয়নি বলে জানিয়েছে। এদেশের মৌলবাদ ও জঙ্গিবাদের মূল উৎপাটন করতে হবে বলে মন্তব্য করে ভিসি জানান এ কাজ দৃঢ়তার সঙ্গে করতে হবে। আমি ২৫ বছর ধরে করছি, আগামীতে অব্যাহত রাখবো। সোমবার ড্রেস কোর্স নিয়ে বিতর্কের জেরে আইইউবিএটিতে হামলা চালায় একদল লোক। তারা ভিসির অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন।

No comments:

Post a Comment