Sunday, December 6, 2015

ইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ কাল্পনিক- আওয়ামী লীগ

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিএনপির অভিযোগকে কাল্পনিক বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিএনপির প্রতি তিনি প্রশ্ন রেখে বলেছেন, তারা কি আজিজ মার্কা কমিশন চায়? গতকাল বিকালে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। হানিফ বলেন, বর্তমান  নির্বাচন কমিশনের অধীনে বিএনপি ৫টি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছিল। এখন আবার এই নির্বাচন কমিশনের বিরোধিতা করছে। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে ঢাকা-১০ আসনে তৎকালীন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্বাচন জনগণ দেখেছে। কী নির্বাচন তারা করেছিলো? আজিজ মার্কা নির্বাচন বাংলাদেশে আর কোন কমিশন করেছে কি-না সন্দেহ আছে। তাদেরকে (আজিজ কমিশন) মানসিক বিকারগ্রস্ত বলে মানুষের ধারণা ছিল। বিএনপি কি সেই আজিজ মার্কা নির্বাচন কমিশন চায়? বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের এই নেতা বলেন, আওয়ামী লীগ চায় উৎসবমুখর পরিবেশে জনগণের রায় নিয়ে দলীয় প্রার্থীরা নির্বাচিত হয়ে আসুক। কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দল শুরু থেকেই নির্বাচনকে বিতর্কিত করতে কাল্পনিক অভিযোগ করে আসছে। তিনি বলেন, নির্বাচনের দোহাই দিয়ে সন্ত্রাসীদের পার পাওয়ার সুযোগ নেই। আমরা আশা করি, বিএনপির মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সরকারকে সহযোগিতা করবেন। আপনারা সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নেবেন না। আমরা আশ্বস্ত করতে চাই, যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, তাদের হয়রানি করার সুযোগ নেই।  ১৩ই ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেবে-এই আশাবাদ পুনর্ব্যক্ত করে মাহবুব-উল আলম হানিফ বলেন, ৭১টি পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যেই ৪/৫টি পৌরসভায় বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারও করে নিয়েছেন। আশা করছি ১৩ই ডিসেম্বরের মধ্যে বাকি সবাই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে বিভিন্ন পৌরসভার প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের সাংগঠনিক সম্পাদকরাও কাজ করছেন। তারা প্রার্থীদের সঙ্গে কথা বলে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করাবেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপুমনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ।

No comments:

Post a Comment