Tuesday, December 1, 2015

ইইউ’র সঙ্গে যৌথ বিজনেস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ইউরোপিয়ন ইউনিয়ন এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে যৌথ বিজনেস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিজনেস কাউন্সিলে ইউরোপিয়ন ইউনিয়নের ২৫ জন এবং বাংলাদেশের এফবিসিসিআই, এমসিসিআই,ডিসিসিআই, চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ এবং বিকেএমইএ-এর ব্যবসায়ী প্রতিনিধিরা সদস্য থাকবেন। এ কাউন্সিলের প্রথম সভা হবে আগামী ফেব্রুয়ারি মাসে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরি মেয়োদন এর সঙ্গে মতবিনিময় করে সাংবাদিকদের এ সব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, কাউন্সিলের উদ্দেশ্য হলো- ইউরোপিয়ন ইউনিয়ন এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য ক্ষেত্রে টেরিফ, নন-টেরিফ বেরিয়ার দূরীকরণ, বিনিয়োগের সমস্যা চিহ্নিত ও সমাধান করা। এ কাউন্সিল ইউরোপিয়ন ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবে। মন্ত্রী বলেন, ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার। অস্ত্র ছাড়া সব বাংলাদেশী পণ্য রপ্তানি এবং জিএসপি সুবিধা দিচ্ছে ইউরোপিয়ন ইউনিয়ন। গত বছর বাংলাদেশ ইউরোপিয়ন ইউনিয়নে ১৭.৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। ইউরোর অবমূল্যায়ন না হলে এ রপ্তানির পরিমাণ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতো। একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার। তোফায়েল আহমেদ বলেন, ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী। ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ কাজে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা প্রদানের প্রস্তাব দিয়েছে। ফ্রান্সের সহায়তায় এ স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ চলছে। ইউরোপিয়ন ইউনিয়নের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ইউরোপিয়ন ইউনিয়নের বড় ব্যবসায়িক অংশীদার। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বেশ ভালো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী ইউরোপিয়ন ইউনিয়ন। বাংলাদেশের সঙ্গে ইউরোপিয়ন ইউনিয়নের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য যৌথ বিজনেস কাউন্সিল কাজ করবে। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং অতিরিক্ত সচিব (এফটিএ) মনোজ কুমার রায় উপস্থিত ছিলেন।বাংলাদেশ-ভুটান বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক আজ অর্থনৈতিক রিপোর্টার: বাংলাদেশ-ভুটার বাণিজ্য সচিব পর্যায়ের দু’দিনের সভা আজ ঢাকায় ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)-এ শুরু হচ্ছে। এটি বাণিজ্য সচিব পর্যায়ের ৪র্থ সভা। গত বছর এপ্রিল মাসে ভুটানের থিম্পুতে ৩য় সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্কেট অ্যাকসেস, হাইড্রো পাওয়ার,  ট্রানজিট, বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, আমদানি-রপ্তানির ক্ষেত্রে এলসি প্রক্রিয়া সহজীকরণ, শুল্ক ও অশুল্ক বাধাসমূহ দূরীকরণ, ভিসা প্রক্রিয়া সহজীকরণ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং গত সভার সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হবে। ভুটান থেকে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। বাংলাদেশ ভুটানের ২য় বৃহত্তম রপ্তানিকারক দেশ এবং ৩য় ব্যবসায়িক অংশীদার। গত ৫ বছরে বাংলাদেশ-ভুটান বাণিজ্য বেড়েছে ৫০ শতাংশের বেশি। বিবিআইএন ট্রানজিট ও দ্বিপক্ষীয় ট্রানজিট আলোচনা ও নৌ পথে দু’দেশের মধ্যে ব্যবসা বৃদ্ধিকে বাংলাদেশ গুরুত্ব প্রদান করবে। বাংলাদেশ পক্ষে ১৭ সদস্যের নেতৃত্ব দিবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং ভুটানের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন ভুটানের অর্থনৈতিক বিষয়ক সচিব দাশো ইয়াশি ওয়াংদি।

No comments:

Post a Comment