আইএসআইয়ের চর সন্দেহে গত রোববার কলকাতা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা
হয়েছে। তবে এদের মধ্যে একবালপুর থেকে একই পরিবারের এমন দুজনকে গ্রেপ্তার
করা হয়েছে, যারা তৃণমূল কংগ্রেসের নেতা বলে এলাকায় পরিচিত। এদের বিরুদ্ধে
দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল গোপন ফৌজি নথি পাকিস্তানে
পাচারের অভিযোগ করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্কফোর্স (এসটিএফ)।
দেশদ্রোহের মামলা রুজু হয়েছে তাদের বিরুদ্ধে। ধৃতদের অন্যতম, এরশাদ আনসারী
তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র প্রভাবশালী সদস্য। গ্রেপ্তার হওয়া
এরশাদের ছেলে আসফাকও গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজের তৃণমূলশাসিত ছাত্র
সংসদের সাবেক সাধারণ সম্পাদক। ধৃত তৃতীয় ব্যক্তি এরশাদের শ্যালক মোহাম্মদ
জাহাঙ্গীর। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এ একটি ঠিকাদার
সংস্থা-নিযুক্ত কর্মী হিসেবে কাজ করতো এরশাদ। এই সংস্থাটিতে যুদ্ধজাহাজ
তৈরি হয়। অভিযোগ, সুযোগ বুঝে অফিস থেকে নৌসেনার গুরুত্বপূর্ণ নথি পাচার
করতো এরশাদ। গোয়েন্দা সূত্রের খবর, দু’বার বাংলাদেশে গিয়ে বাবার দেয়া
নৌসেনার কিছু গোপন তথ্য-ছবি সেখানকার আইএসআই এজেন্টদের হাতে তুলে দিয়ে
এসেছে আসফাক। গত শুক্রবার উত্তর প্রদেশের মিরাটে পুলিশের হাতে ধরা পড়া
আইএসআই এজেন্ট ও পাক নাগরিক মোহাম্মদ কালাম ওরফে ইজাজকে কলকাতায় আশ্রয়ও
দিয়েছিল এরশাদের পরিবার। এর আগেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসীদের
আশ্রয় দেয়ার অভিযোগ করেছে বিরোধীরা। কয়েক বছর আগে নিষিদ্ধ সিমির এক
প্রতিষ্ঠাতা সদস্যকে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের টিকিটে পাঠানো নিয়েও
বিরোধীরা সোচ্চার হয়েছিলেন। আর এবার খোদ রাষ্ট্রবিরোধী শক্তিই তৃণমূল
কংগ্রেসে ঢুকে পড়েছে। সিপিআইএম নেতা ও বিধানসভার বিরোধী নেতা সূর্যকান্ত
মিশ্র রাষ্ট্রবিরোধী শক্তিকে তৃণমূল কংগ্রেসে আশ্রয় দেয়ার অভিযোগ তুলে
বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে যে কোন লোককেই দলে রিক্রুট করা হচ্ছে। তিনি
বলেন, এখন প্রমাণিত যে, তৃণমূল কংগ্রেস রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত দিচ্ছে।
আর তাই দলের এই সব ব্যক্তিদের আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ জানার জন্য
বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন। কংগ্রেস নেতা মানস ভুঁইয়া বলেছেন,
আইএসআই চর হিসেবে গ্রেপ্তার হওয়া দুজন তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা এবং
ছাত্রনেতা জানার পর রীতিমতো স্তম্ভিত হয়েছি। বিজেপির বিধায়ক শমিক
ভট্টাচার্য্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাষ্ট্রবিরোধী শক্তির যোগাযোগ খুঁজে
বের করতে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসকে সরাসরি
বিজেপি নেতা শমিক ভট্টাচার্য্য রাষ্ট্রবিরোধী শক্তির দল বলে উল্লেখ করেছেন।
উত্তরপ্রদেশে পাক চর গ্রেপ্তারের সূত্র ধরে সারা ভারত জুড়ে প্রায় ৮ জনকে
গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন বিএসএফ কর্মীও রয়েছেন। ভারত জুড়ে
আইএসআইয়ের বিশাল জাল বিস্তার নিয়ে গোয়েন্দা এজেন্সিগুলো রীতিমতো উদ্বিগ্ন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment