সোমনাথ মন্দিরের মতো অযোধ্যায় রামমন্দির গড়ার আহ্বান জানিয়েছে ভারতের
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। আরএসএস প্রধান মোহন ভগবত এর আগে এ
মন্দির নির্মাণের প্রস্তুতি নিতে সমাজের প্রতি আহ্বান জানান। কিন্তু
ক্ষমতাসীন বিজেপি দল তাদের আধ্যাত্মিক সংগঠন আরএসএস’র দাবি অনুযায়ী মন্দির
নির্মাণের কোন সময়সীমা নির্দিষ্ট করতে অস্বীকৃতি জানায়। এরপরই আরএসএস বেশ
কয়েকটি টুইটে নিজেদের প্রধানের বক্তব্য পুনর্ব্যক্ত করে। এ খবর দিয়েছে
টাইমস অব ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের কলকাতায় এক অনুষ্ঠানে ভগবত নিজের বক্তৃতায়
বলেন, তার জীবনকালেই অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠিত হওয়ার আশা করেন তিনি।
এর পরের দিনই তার এসব বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বেশ কয়েকটি টুইট করে আরএসএস। নিজের
বক্তব্যে ভগবত স্মরণ করে বলেছিলেন যে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার
প্যাটেলের ‘প্রচেষ্টায়’ সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। জনজীবনে তার
অবদান মোদি সরকার বেশ ফলাও করে প্রচার করে। আরএসএস প্রধান বলেন, ভারত ধর্ম ও
সংস্কৃতিতে ধনী। রাম হলেন আমাদের আদর্শ। কেউ তাকে ভগবান বলে মনে করে, কেউ
ভাবে তিনি মহান মানুষ। সমাজের উচিত রাম ও শারদ কোঠারির কাছ থেকে অনুপ্রেরণা
নেয়া এবং সোমনাথ মন্দিরের মতো বড় আকারে রামমন্দির নির্মাণের প্রস্তুতি
নেয়া। প্রসঙ্গত, রাম ও শারদ কোঠারি হলেন ১৯৯০ সালে অযোধ্যার বিতর্কিত
এলাকায় মিছিলে পুলিশের গুলিতে নিহত হওয়া দুই কর্মী। ভগবত এরপর বলেন, আমাদের
এ মহান লক্ষ্য হয়তো আমাদের সময়কালেই পূরণ হবে। হয়তো আমরা তা নিজের চোখে
দেখে যাবো।সঙ্ঘ পরিবার ও তাদের প্রধানের এমন বক্তব্য বিজেপি’র জন্য
বিব্রতকর। কেননা, ২০১৪ সালের নির্বাচনী ইস্তেহারে অযোধ্যায় রামমন্দির
নির্মাণকে গুরুত্ব দেয়নি। এ ছাড়া ‘রাম জন্মভূমি আন্দোলন’ পুনরায় শুরু করারও
কোন আগ্রহ দলটি দেখায়নি। ভগবতের সামপ্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি
দলীয় বাণিজ্যমন্ত্রী নির্মলা সিথারামন বলেন, তার দল ‘অবশ্যই বিশ্বাস করে
যে, কোন এক সময়ে রামমন্দির নির্মাণ করা উচিত’। কিন্তু মোদি সরকারের
শাসনামলেই তা নির্মিত হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কিছু
জানি না’। ভগবতের মন্তব্যের গুরুত্ব অস্বীকার করে সিথারামন বলেন, এটা কোন
নতুন বিবৃতি নয়। বেশ কয়েকবার তিনি এসব বলেছেন। অপরদিকে পাটনায় মুখ্যমন্ত্রী
নিতিশ কুমার এ মন্তব্যের সূত্র ধরে আরএসএস ও বিজেপি’কে আক্রমণ করেন। তিনি
বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এ ইস্যুটি জীবিত রাখতে চায় তারা। তিনি বলেন,
বিজেপি চায় যে রামমন্দিরের ইস্যুটি জিইয়ে থাকুক। তাদের আসলে ভগবান রামের
প্রতি কোন শ্রদ্ধা নেই। তারা ভগবান রামকে এমনভাবে বিবেচনা করে, যেন তিনি
বিজেপির সদস্য! প্রসঙ্গত, অযোধ্যায় বাবরী মসজিদ ভাঙন নিয়ে ব্যাপক দাঙ্গার
সৃষ্টি হয়। অযোধ্যাকে রামের জন্মভূমি মনে করে অনেক হিন্দু ধর্মাবলম্বী।
অনেকের ধারণা, বাবরী মসজিদ তৈরির আগে সেখানে রামের মন্দির ছিল। বাবরী মসজিদ
ভাঙ্গার পর সেখানে রামমন্দির গড়ার দাবি জানিয়ে আসছে অনেক কট্টরপন্থি
হিন্দু সংগঠন। এ নিয়ে ভারতে ব্যাপক বিতর্ক রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment