চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাটে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে
মিলন নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গরবার দিবাগত রাত ৩টার দিকে এঘটনা ঘটে।
নিহত মিলন (২২) সদর উপজেলার
রামচন্দ্রপুর হাটের আব্দুস সালামের ছেলে। র্যাব
৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার এএসপি অলক বিশ্বাস জানান,
মঙ্গলবার দিবাগত রাত আড়াই টার দিকে র্যাবের একটি টহল দল চকআলমপুর এলাকায়
পৌছলে র্যাবের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় একদল সন্ত্রাসী। এসময় র্যাব
সদস্যরা গুলি চালালে পাল্টা গুলি চালায় সন্ত্রাসীরা। পরে সদর থানা পুলিশ ও
স্থানীয়দের সহায়তায় রামচন্দ্রপুর হাট এলাকায় একটি লাশ দেখতে পায় এবং সদর
থানা পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তবে র্যাবের গুলিতে না সন্ত্রাসীদের গুলিতে মিলন নিহত হয়েছে সে ব্যাপারে
নিশ্চিত করতে পারেনি র্যাব কর্মকর্তারা। মিলনের লাশ ময়নাতদন্তের জন্য
চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে মিলনের মা
ফিরোজা বেগম দাবি করছেন, মিলনকে ১৩ দিন আগে ঢাকার মিরপুর থেকে র্যাব
পরিচয়ে ধরে নিয়ে যায়। বুধবার সকালে স্থানীয়দের কাছে জানতে পারে মিলন
গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সে কৃষ্ণগেবিন্দপুর কলেজের ছাত্র ছিল।

No comments:
Post a Comment