Tuesday, December 1, 2015

বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জেএমবির যোগাযোগ আছে: ডিবি

বিদেশি একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) যোগাযোগ রয়েছে বলে দাবি করেছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। রাজধানীর বিমানবন্দর ও খিলগাঁও থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তারের পর গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গ্রেপ্তারকৃত শেখ ইদ্রিস মো. মকবুল শরীফ, সালাম ও মোস্তফা জামান জেএমবির সদস্য বলে দাবি করেন মনিরুল। তাদের কাছ থেকে ২৬টি বই, তিনটি পাসপোর্ট, পাকিস্তানি চার হাজার রুপি, ভারতীয় পণ্যসামগ্রী, বাহরাইনের ১ হাজার ৩০০ ডলার ও জর্ডানের ১ হাজার ৬০০ ডলার জব্দ করা হয়েছে। রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে তাদের। গ্রেপ্তারকৃতরা দেশে নাশকতা করার পরিকল্পনা করছিল জানিয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত চারজন জেএমবির সদস্য বলে স্বীকার করেছে। জেএমবিকে আবার সক্রিয় করার চেষ্টায় লিপ্ত ছিল। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির জন্য তারা সরকার পতনের ষড়যন্ত্র করছিল। এজন্য তারা অর্থ ও কর্মী সংগ্রহরে কাজ করছিল বলে জানান তিনি। এমনকি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনা করেছিল এ চক্র। তার আগেই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি। মনিরুল ইসলাম বলেন, জেএমবির সঙ্গে একটি দেশের গোয়েন্দা সংস্থার যোগাযোগ থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সম্পর্কে তিনি বলেন, তারা নিয়মিত পাকিস্তানে যাতায়াত করতো। তাদের মধ্যে মো. ইদ্রিস শেখ গত দুই বছরে ৪৮ বার বাংলাদেশ-পাকিস্তানে যাতায়াত করেছে। মো. ইদ্রিস শেখ ভুয়া পাসপোর্ট তৈরি করে মানব পাচার ব্যবসার সঙ্গেও জড়িত বলে জানান মনিরুল ইসলাম।

No comments:

Post a Comment