Wednesday, December 2, 2015

গর্ভস্থ শিশুকে গুলির মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

মাগুরা শহরে ক্ষমতাসীন দলের সমর্থকদের দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও ১ আওয়ামী লীগ কর্মী নিহতের মামলায়  ১৭  জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা  হয়েছে। গতকাল  বিকালে  মাগুরা কোর্ট পুলিশ পরিদর্শকের অফিসে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাউল হক এ চার্জশিট জমা  দেন।
কোর্ট পুলিশ পরিদর্শক ফউজুল কবির সাংবাদিকদের জানান, আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর চার্জশিট জমা হওয়ায় তা আদালতে দাখিল করা যায়নি। আজ বুধবার এ চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে কোর্ট পুলিশ পরিদর্শক সাংবাদিকদের  নিকট নিশ্চিত করেছেন। ডিবি ওসি ইমাউল হক জানান, হত্যা ও মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায়  প্রাথমিকভাবে  ১৬  জনের নাম উল্লেখ  করে  মামলা করেছিল  নিহত মোমিন ভূঁইয়ার পুত্র রুবেল।  পরে তদন্তকালে  ধৃত আসামিদের স্বীকারোক্তিতে নতুন করে তোতা, আয়নাল ও মুন্না নামের ৩   আসামিকে চার্জশিটে  অন্তর্ভুক্ত করা হয়েছে । এ ছাড়া মামলার ২নং আসামি আজিবর শেখ বন্দুক যুদ্ধে নিহত হয় এবং অপর এক আসামির সঠিক পরিচয় পাওয়া যায়নি। মামলার চার্জশিটভুক্ত ১৭ আসামির মধ্যে মুজিবর, তোতা, আয়নাল ও মুন্না নামের ৪ আসামি পলাতক রয়েছে। বাকি ১৩ জন মাগুরা  জেল হাজতে আটক রয়েছে। উল্লেখ্য, গত ২৩শে জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাশীন দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মমিন ভূঁইয়া নামে এক আওয়ামী লীগ কর্মী  নিহত হন  এবং নিহতের ভাইয়ের স্ত্রী নাজমা বেগম গর্ভের শিশুসহ  গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিহত মোমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া  ২৬শে জুলাই  মাগুরা সদর থানায়  এ মামলা করেন। মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুসহ মা নাজমা বেগমকে সরকারি পৃষ্ঠপোষকতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বোর্ড গঠন করে  চিকিৎসা দেয়া হয়। সরকারের মন্ত্রী উপদেষ্টাসহ দেশের বিভিন্ন স্থানের মানুষ গুলিবিদ্ধ শিশু ও মায়ের চিকিৎসা কাজে আর্থিক সহায়তা করেন ।

No comments:

Post a Comment