কন্যা সন্তানের পিতামাতা হয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার
স্ত্রী প্রিসিলা চ্যান। এ উপলক্ষে জাকারবার্গ তার ফেসবুকের শেয়ারের শতকরা
৯৯ ভাগ দান করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ শেয়ারের বর্তমান বাজারমূল্য
প্রায় ৪৫০০ কোটি ডলার। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরও বলা হয়, মার্ক
জাকারবার্গ এ উপলক্ষে কন্যা ম্যাক্সকে উদ্দেশ্য করে তার ফেসবুক পেজে একটি
চিঠি পোস্ট করেছেন। তাতে জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা বলেছেন, ম্যাক্স
যাতে বিশ্বে উন্নত একটি পরিবেশে বড় হতে পারে সেরকম পৃথিবী দেখতে চান তারা।
তাই তারা তাদের কোম্পানির শতকরা ৯৯ ভাগ শেয়ার দান করে দেবেন। এ জন্য তারা
চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ নামে একটি পদক্ষেপ নিয়েছেন। এর মাধ্যমে
পরবর্তী প্রজন্মের জন্য তারা উন্নত মানবিক মূল্যবোধ ও সব শিশুর সমতা দেখতে
চান। এতে যে বিষয়গুলোতে জোর দেয়া হবে তাহলো শিক্ষা, রোগমুক্তি, জনগণের
সঙ্গে জনগণের সংযুক্তি, শক্তিশালী মানব সম্প্রদায় গড়ে তোলা। ম্যাক্সের
উদ্দেশে পিতা জাকারবার্গ লিখেছেন, তুমি আমাদেরকে ভবিষ্যতের যে আশার আলো
দেখিয়েছো তা বর্ণনা করার মতো ভাষা তোমার মা ও আমার এখনও নেই। বিশ্বটা,
যেখানে তুমি বসবাস করবে, তাকে আরও ভাল করে গড়ে তোলার কারণ হয়েছো তুমি।
উল্লেখ্য, গত সপ্তাহে জন্ম হয় ম্যাক্সের। তবে সে খবর বিশ্ববাসীর সঙ্গে তারা
শেয়ার করেন গত মঙ্গলবার। ওদিকে সন্তানের পিতা হওয়ায় ও শেয়ার দান করে দেয়ার
খবরে বিলিয়নিয়ার বিনিয়োগকারী ওয়ারেন বাফেট অভিনন্দন জানিয়েছেন জাকারবার্গ ও
চ্যানকে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment